রাঙামাটিতে গণসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে গণসংগীত উৎ​সবে গান পরিবেশন করেন সুর নিকেতন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা l প্রথম আলো
রাঙামাটিতে গণসংগীত উৎ​সবে গান পরিবেশন করেন সুর নিকেতন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা l প্রথম আলো

ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম ও গণ-আন্দোলনে মানুষকে জাগ্রত করার, মুক্তির পথে নিয়ে আসার গানের উৎসব হয়ে গেল রাঙামাটিতে। দুই দিনের গণসংগীতের এ আসরে ঢাকা-চট্টগ্রামের শিল্পীসহ তিন পার্বত্য জেলার শিল্পীরা গানে গানে মাতিয়ে তোলেন।
‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার রাঙামাটিতে শুরু হয় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম গণসংগীত উৎসব ২০১৫। রাঙামাটি শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ উৎসবে মুখরিত হয়ে ওঠে রাঙামাটির সাংস্কৃতিক অঙ্গন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গণসংগীত সমন্বয় পরিষদ এ উৎসব আয়োজন করে। আয়োজকেরা জানান, পার্বত্য চট্টগ্রামে এটাই প্রথম গণসংগীত উৎসব।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম গণসংগীত উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক সুনীল কান্তি দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, গণসংগীতে সামগ্রিক সত্তা খঁুজে পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর নিজেদের জীবনসংগ্রামভিত্তিক স্ব স্ব ভাষায় গণসংগীত রচিত হয়েছে। গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে গণসংগীতের অনুষ্ঠান করা গেলে এ ধরনের আয়োজন আরও সার্থক হতো।
অনুষ্ঠানের উদ্বোধক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, বর্ণবাদ, বৈষম্য, স্বৈরচারের বিরুদ্ধে গণসংগীত শিল্পীরা সব সময় রুখে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য ফকির সিরাজ, উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব কালায়ন চাকমা প্রমুখ। উৎসবের প্রথম দিনে গান পরিবেশন করেন গণসংগীত শিল্পী কল্পনা লালা, ঢাকার বহ্নিশিখা দল, রাঙামাটির সুর নিকেতন, গিরিসুর শিল্পীগোষ্ঠী এবং খাগড়াছড়ির সাংস্কৃতিক উন্নয়নকেন্দ্রের শিল্পীরা।
দ্বিতীয় দিনে ঢাকা থেকে আসা গণসংগীত শিল্পী ফকির সিরাজ, সমর বড়ুয়া, রাঙামাটির কালায়ন চাকমা, রনেশ্বর বড়ুয়া, গিরিসুর শিল্পীগোষ্ঠী, খেলাঘর আসর, উদীচী, শিল্পী নিকুঞ্জ ও বান্দরবান জেলার অহিদুল আলম স্মৃতি সংসদের শিল্পীরা গান পরিবেশন করেন।