রাঙামাটিতে গ্রামীণ জীবনযাত্রা মেলা
‘হই হই হই জুমত যেবং, জুমত যেইনে গোচ্ছে সুধো তুলিবং, গোচ্ছে সুধো বেঝিনে টেঙা হামেবং।’ (হই হই হই জুমে যাব/ জুমে গিয়ে তিল সুতা তুলব/ তিল সুতা বেচে টাকা আয় করব।)গ্রামীণ জীবনযাত্রাভিত্তিক এমন আদিবাসী গান, নাচ আর বাঙালির বাউল গানে মুখরিত তিন দিনব্যাপী গ্রামীণ জীবনযাত্রা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে রাঙামাটিতে।গত শনিবার ছিল মেলার শেষ দিন। বেসরকারি সংস্থা টংগ্যা ও অক্সফাম জিবির আয়োজন এ মেলা অনুষ্ঠিত হয় রাঙামাটি আউটার স্টেডিয়ামে।গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিং কিউ রোয়াজা। শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। মেলার তিন দিনে জলবায়ু পরিবর্তন, নারী ও পরিবেশ বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে প্রবন্ধ পড়েন উন্নয়নকর্মী সেঁজুতি খীসা, মহিলা পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক শিউলী চাঁপা চাকমা ও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কাজল তালুকদার।মেলায় বিভিন্ন স্টলে আদিবাসীদের জুমচাষে ব্যবহূত বিভিন্ন সামগ্রী, গ্রামীণ জনপদে উৎপাদিত খাদ্যদ্রব্য, আদিবাসী পিঠা, সবজি, বনৌষধি, তুলার তৈরি পোশাক প্রদর্শন ও বিক্রি করা হয়।মেলার আহ্বায়ক রূপক খীসা বলেন, ‘গ্রামীণ ঐতিহ্যভিত্তিক সংস্কৃতি টিকিয়ে রাখতে এমন মেলা আয়োজনের বিকল্প নেই। এ মেলায় দুর্গম এলাকা থেকে আসা গ্রামীণ মানুষের অভিজ্ঞতা শুনে আমরা অভিভূত।’এদিকে মেলায় আসা আদিবাসীরা বাঙালির বাউলগান শুনে তাদের মুগ্ধতার কথা জানিয়েছে।