যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কসহ ২৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারটি সড়ক উদ্বোধন করেন।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর (ইসিবি) এই সড়কগুলো নির্মাণ করে। ১২ এপ্রিল শনিবার দুপুর ১২টায় বাঘাইছড়ি সাজেক ইউনিয়নের রুইলই ভ্যালির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে তিন পার্বত্য অঞ্চলে সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।
ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকায় সাড়ে চার হাজার কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে বলে তিনি জানান।
ওবায়দুল কাদের আরও বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং এ সরকারের মেয়াদে চুক্তির ৯০ ভাগ বাস্তবায়ন করা হবে।
চারটি সড়ক হলো দীঘিনালা-বাঘাইহাট, দীঘিনালা-লংগদু, বাঘাইহাট-সাজেক ও হাটহাজারী-রাঙামাটি সড়কের পুনর্নির্মাণ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রধান মেজর জেনারেল আবদুল কাদির, চট্টগ্রাম অঞ্চলের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ, খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।