রাঙামাটিতে চিত্র প্রদর্শনী
কেউ এঁকেছেন পাহাড়, কেউ নদী, ঝরনা, আদিবাসী গ্রাম, নারী, শিশু—এভাবে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা ৪৫টি চিত্র নিয়ে রাঙামাটি শিল্পকলা একাডেমীতে হয়ে গেল ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) শিক্ষার্থীদের দুদিনব্যাপী চিত্র প্রদর্শনী।সোমবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। তিনি তাৎক্ষণিকভাবে আঁকা চিত্রকর্মের প্রশংসা করে এ ধরনের সৃষ্টিশীল কাজে যে কেউ রাঙামাটিতে এলে সহযোগিতা দেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘আমরা চাই সমতল অঞ্চলের সঙ্গে রাঙামাটি তথা পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতির মিলন ঘটুক। সমতলের বরণ্যে ব্যক্তিরা রাঙামাটিতে এসে কাজ করলে এখানকার মানুষ উৎসাহিত হবে।’ জেলা প্রশাসক সৌরন্দ্রেনাথ চক্রবর্তী বলেন, রাঙামাটির মতো সুন্দর জায়গা এ দেশে নেই। এখানে এসে চিত্রাঙ্কন ও সেসব চিত্রকর্ম প্রদর্শনীর জন্য তিনি ইউডা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানান। চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেও রাঙামাটির মতো সুন্দর জায়গা দেখিনি। এখানে জন্মে নিজেকে খুবই ধন্য মনে করি। তিনি বলেন, রাঙামাটি এমন প্রাচুর্যে ভরা। এ পর্যন্ত প্রচুর কাজ করার পরও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি নিয়ে তিনি ১৬ ভাগের এক ভাগও কাজ করতে পারেননি। ইউডার পেইন্টিং অ্যান্ড ড্রয়িং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শামসুজ্জামান জোহা রাঙামাটির সৌন্দর্য ও বাসিন্দাদের আতিথেয়তার প্রশংসা করে বলেন, এমন সুন্দর মুহূর্ত জীবনে ভুলবার নয়। ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুজিব খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা। শুভেচ্ছা বক্তব্য দেন ইউডার সহসভাপতি ডালিয়া নাহিদ খান।ইউডার ডিপার্টমেন্ট অব ফাইন আর্টসের চেয়ারম্যান শাহজাহান আহমেদ বিকাশ জানান, বিএফএ প্রোগ্রামের পাঠ্যক্রমের অংশ হিসেবে অবজারভেশন অব নেচার অ্যান্ড স্টাডি ও ইনস্টলেশন আর্ট সম্পন্নের জন্য এ চিত্রকর্মগুলো আঁকা হয়েছে। ৮-১০ অক্টোবর রাঙামাটি শহর থেকে নদীপথে সুবলং ও বরকলে ৩৫ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক নানা মাধ্যমে এঁকেছেন চিত্রগুলো। তবে চিত্রগুলোর মূল বিষয় রাঙামাটির প্রকৃতি ও সংস্কৃতি।