রাঙামাটিতে জনসংহতি সমিতির কাউন্সিল
পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নসহ বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে জনসংহতি সমিতির নেতারা বলেছেন, ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা না হলে পার্বত্য চট্টগ্রামের রাজনীতির পথ পরিবর্তন হতে পারে।’ ১৮ অক্টোবর সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জনসংহতি সমিতি রাঙামাটি সদর উপজেলা শাখার চতুর্থ কাউন্সিল অধিবেশনে এ আহ্বান জানানো হয়। অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় ছাত্র ও রাজনীতিবিষয়ক সম্পাদক লক্ষ্মীপ্রসাদ চাকমা। তিনি বলেন, ‘সরকার চুক্তি বাস্তবায়নে গড়িমসি করলে পার্বত্য চট্টগ্রামে কোনোদিনই শান্তি ফিরে আসবে না। চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিলে সেটা কারও জন্য ভালো হবে না।’ জনসংহতি সমিতি রাঙামাটি সদর উপজেলার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুভাষ বসু চাকমা, থাৈইম্রাচিং চৌধুরী, মাধবীলতা চাকমা, অরবিন্দু চাকমা, ফদাংতাং রান্ডাল ফদাং প্রমুখ। পরে অরবিন্দু চাকমাকে সভাপতি, অংকুর বিকাশ চাকমাকে সাধারণ সম্পাদক, পদ্মলোচন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের জনসংহতি সমিতি সদর উপজেলা কমিটি গঠন করা হয়।