সমবেত ও একক আবৃত্তি, নাচ, গান—কী ছিল না আয়োজনে। গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটি বাচিক উৎসবে যেন বইছিল প্রাণের ফল্গুধারা। চট্টগ্রামের আবৃত্তি সংগঠন কণ্ঠনীড় বাচিক শিল্প চর্চাকেন্দ্র, নির্মাণ আবৃত্তি অঙ্গন, সুচয়ন ললিতকলা কেন্দ্র ও চট্টগ্রাম আবৃত্তিচর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় পাহাড়ের কোলে এমন জমজমাট আয়োজন।
‘একুশে ফেব্রুয়ারি সব ভাষার কথা কয়’—এ স্লোগানেই শুরু হলো অনুষ্ঠান। শুরুতে সমবেত আবৃত্তি পরিবেশন করেন রাঙামাটির ফিবেগ সাংস্কৃতিক একাডেমি ও নানিয়ারচর সংগীত একাডেমির শিল্পীরা। আসরে মাতৃভাষা নিয়ে রাঙামাটির আবৃত্তিশিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। সমবেত আবৃত্তির পাশাপাশি ছিল একক, বৃন্দ আবৃত্তি, নাচ, গান ও কথামালা।
কথামালার পর ‘প্রণমি বাংলাদেশ’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন কণ্ঠনীড় বাচিক শিল্প চর্চাকেন্দ্র। আবৃত্তিটির গ্রন্থনা ও নির্দেশনায় সেলিম রেজা। এরপর বৃন্দ আবৃত্তি করেন নির্মাণ আবৃত্তি অঙ্গন ও চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্র।