
প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনের রাঙামাটি বইমেলা জমে উঠেছে। প্রতিদিন নানা বয়সের পাঠকেরা ভিড় করছেন মেলায়। ঘুরে ঘুরে দেখছেন, কিনছেন। শহরের কালিন্দীপুরের জেলা প্রশাসন কার্যালয়ের সামনে নিউমাের্কটের ওপর তলায় আশিকা মানবিক উন্নয়নকেন্দ্র মিলনায়তনে এ মেলা শুরু হয়েছে ১৭ মে থেকে, চলবে ২৩ মে পর্যন্ত।
মেলা ঘুরে দেখা গেছে, বইমেলায় প্রথমা প্রকাশন ছাড়াও বাংলাদেশ–ভারতসহ বিভিন্ন দেশের লেখকদের বই বিক্রি হচ্ছে।
আয়োজকেরা জানান, মেলা শুরুর দিন থেকে প্রচুর পাঠক মেলায় এসে বই কিনছেন। অনেকে প্রতিষ্ঠানের পক্ষে এবং ব্যক্তিগতভাবে বইয়ের চাহিদাপত্র দিয়ে যাচ্ছেন।
মেলায় কথা হয় সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া দুই সহপাঠী শিখর চাকমা ও ইমু চাকমার সঙ্গে। দুজনেরই পছন্দ আনিসুল হক ও মুহম্মদ জাফর ইকবালের বই। তবে শিখর কয়েকটি রাজনীতির বইও কিনেছে। দুজনই বলল, ‘আমাদের রাঙামাটির বাইরে গিয়ে বই কেনার সুযোগ নেই। প্রতিবছর এভাবে বইমেলা আয়োজন করা হলে খুব ভালো হয়।’ ব্যবসায়ী ও লেখক শাওন ফরিদ বলেন, ‘রাঙামাটিতে বইমেলা হচ্ছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ভাষা-সংস্কৃতি, বন-পরিবেশ নিয়ে বই নেই বললেই চলে। আগামী দিনে আয়োজকদের এদিকে দৃষ্টি দিলে ভালো হবে।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী দীপক খীসা এসে ঘুরে দেখেছেন মেলা। বললেন, ‘মেলায় বইয়ের সমাহার ভালো। এসব বই পড়ে নতুন প্রজন্ম উপকৃত হবে।’
রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা নিজের পাড়ার পাঠাগারের জন্য কিনেছেন ১৬ হাজার টাকার বেশি বই। গত মঙ্গলবার দুই কর্মকর্তাকে নিয়ে আবার এসেছিলেন পৌরসভার পাঠাগারের জন্য বই বাছাই করতে। কালায়ন চাকমা বলেন, প্রথমা প্রকাশনের এ উদ্যোগ সাধুবাদ যোগ্য। বৌদ্ধ সাধক আত্মসিদ্ধি পাল ভিক্ষুসহ কয়েকজন ভিক্ষু বেশ কিছু বই কেনার পর বলেন, মেলায় অনেক ধরনের বই থাকলেও বৌদ্ধধর্ম ও দর্শনের বই নেই।
কল্যাণপুর এলাকার বাসিন্দা সন্তু চাকমা ও তাঁর স্ত্রী বেশ কিছু বই কিনে জানালেন, তাঁরা অনলাইনেও প্রথমা প্রকাশনের অনেক বই কিনেছেন। প্রথমার সব বই খুবই উন্নতমানের।
মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। তবে শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।