
রাঙামাটিতে জমে উঠেছে প্রথমা প্রকাশনার বইমেলা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লেগে আছে বইপ্রেমীদের ভিড়।
গত সোমবার রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার নিউমার্কেটের আশিকা মানবিক উন্নয়নকেন্দ্র মিলনায়তনে তৃতীয়বারের মতো প্রথমা প্রকাশনের বইমেলা শুরু হয়। মেলা চলবে আগামী শনিবার রাত আটটা পর্যন্ত।
গত মঙ্গলবার মেলায় গিয়ে দেখা যায়, সব বয়সী ক্রেতায় ঠাসা মিলনায়তন। গল্প, উপন্যাস, কবিতার বই ছাড়াও রাজনীতি, সমাজ, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, পরিবেশ, ক্রীড়া, বিজ্ঞান, আত্মজীবনী এবং শিশুতোষ ও অনুবাদ সাহিত্যের সমাহার রয়েছে মেলায়।
কথা হয় মেলায় আসা আইনজীবী সুস্মিতা চাকমার সঙ্গে। তিনি বলেন, মেলায় সব ধরনের বইয়ের সমাহার মুগ্ধ হওয়ার মতো। এমন সৃজনশীল বইয়ের মেলা কোথাও তেমন একটা দেখা যায় না।
নারীনেত্রী টুকু তালুকদার বলেন, ‘এভাবে একক উদ্যোগে বইমেলার আয়োজন প্রশংসনীয়। আমরা পছন্দসই বই কেনার সুযোগ পাচ্ছি। আশা করি এ উদ্যোগ অব্যাহত থাকবে।’
নানিয়ারচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপিকা খীসা স্কুলপড়ুয়া মেয়ে স্নেহধন্যা চাকমাকে নিয়ে বইমেলায় এসেছেন। দীর্ঘক্ষণ ঘুরে বই দেখে দীপিকা খীসা নিজের জন্য বাছাই করেছেন বেশ কয়েকটি উপন্যাস এবং মেয়ে কিনেছে কয়েকটি শিশুতোষ বই। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সাধারণ সম্পাদক যশেশ্বর চাকমা ও শহরের কাঁঠালতলী এলাকার গৃহিণী ফারজানা আক্তারও কেনেন পছন্দসই বই।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নানা বয়সী মানুষের পদচারণায় মুখর থাকছে বইমেলা।
প্রথমার বিক্রয়কর্মী মো. সোহেল জানান, মেলায় প্রথমা প্রকাশনের ৩০৮টি বই ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনীর তিন হাজারের বেশি বই আনা হয়েছে।
প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জহির উদ্দিন বলেন, জেলায় জেলায় মেলার আয়োজনে ব্যবসায়িকভাবে তেমন লাভবান হওয়া যায় না। তবে প্রথমা প্রকাশন শুধু ব্যবসায়িক দিক না দেখে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে।