রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু
ফুটবল প্রতিভা খুঁজে বের করা আর ফুটবল খেলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।
২২ অক্টোবর রাঙামাটির চিংহ্লা মং মারি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্রকৃত ক্রীড়া প্রতিভা উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় আরও বক্তব্য দেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির আহ্বায়ক আমেনা বেগম, সংস্থার সাধারণ সম্পাদক বরুণ দেওয়ান, পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুছা। জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যসহ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলার ১০ উপজেলার খেলোয়াড়দের নিয়ে গঠিত উপজেলা ভিত্তিক ১০টি দল নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। নক আউট পদ্ধতিতে আয়োজিত উদ্বোধনী খেলায় রাঙামাটি সদর উপজেলা দল বাঘাইছড়ি উপজেলা দলকে ৩-২ গোলে হারায়। ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।