রাঙামাটিতে ঠিকাদারদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি লিমিটেড নামে রাঙামাটির পাহাড়ি ঠিকাদারদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। ২১ নভেম্বর বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত স্থানীয় ঠিকাদারদের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
দীপক চাকমাকে উপজাতীয় ঠিকাদারদের নতুন এই সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এ ছাড়া উত্তম কুমার চাকমা সাধারণ সম্পাদক ও মিন্টু মারমাকে অর্থসম্পাদক করে ১২ সদস্যের একটি কমিটির নামও ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নতুন সংঘটনের সভাপতি দীপক চাকমা। অন্য সদস্যরা হলেন পার্থপ্রতিম তালুকদার, জ্যোতির্ময় চাকমা, অভয় প্রকাশ চাকমা, বিশ্বজিৎ চাকমা, সুখময় চাকমা, সুমতি বিকাশ দেওয়ান, সাগরিকা চাকমা, ঝিনুক ত্রিপুরা ও অদ্যুৎ কান্তি চাকমা।
লিখিত বক্তব্যে সভাপতি দীপক চাকমা অভিযোগ করে বলেন, ‘উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের মেয়াদ শেষে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ২৬ আগস্ট সাধারণ সভার আহ্বান করা হয়। সেখানে সাধারণ সদস্যদের মতামতকে উপেক্ষা করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ছাড়াই একটি কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়। এ কারণে আমরা নতুন সংগঠন গঠন করি।’
সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন গঠিত এই সমিতি সমবায় বিভাগের আওতায় নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আইন ও বিধি মেনে এবং রাঙামাটির অন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় রেখে সমিতি কাজ করে যাবে। গঠনতন্ত্র অনুযায়ী যেকোনো পাহাড়ি ঠিকাদার এ সমিতিতে সাধারণ সদস্যপদ পাবেন।