রাঙামাটিতে প্রথমবারের মতো এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করেছে ডাচ্-বাংলা ব্যাংক। শহরের কালিন্দীপুর এলাকার শৈল বিপণিকেন্দ্রের তৃতীয় তলায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়। ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট হিসেবে থাকছে ‘রাঙ্গেই এন্টারপ্রাইজ’।
১১ নভেম্বর বেলা ১১টায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিরণ কিশোরী চাকমা। তিনি রাঙ্গেই এন্টারপ্রাইজের এই নতুন সেবার সঙ্গে সম্পৃক্ত থাকতে সবার প্রতি আহ্বান জানান। কার্যক্রম উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি নতুন ব্যাংকিং ব্যবস্থা। এ ব্যবস্থা শতভাগ নিরাপদ। বায়োমেট্রিক যন্ত্রে গ্রাহকের আঙুলের ছাপ শনাক্ত করার মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করা হবে। বায়োমেট্রিক অ্যাকাউন্টে সঞ্চয়ী হিসাব খোলা, অন্য হিসাবে টাকা স্থানান্তরসহ আধুনিক ব্যাংকিংয়ের অনেক সুবিধা পাওয়া যাবে এতে।