রাঙামাটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা
‘জনগণের দোরগোড়ায় সেবা’ স্লোগানকে সামনে রেখে রাঙামাটি শহরে শেষ হয়ে গেল তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। অধ্যাপক কুমার সমিতি রায় জিমনেশিয়ামে অনুষ্ঠিত মেলায় ছিল তথ্যপ্রযুক্তি সম্পর্কে নানা আয়োজন।
গতকাল শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। এর আগে গত বৃহস্পতিবার বিকেল চারটায় মেলা উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল করিম, শিক্ষাবিদ আলো রানী আইচ ও সাবেক সিভিল সার্জন সুপ্রিয় বড়ুয়া।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের আওতায় রাঙামাটি জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। এতে ৩২টি স্টল স্থান পায়।
মেলায় ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার (ইউআইএসসি) উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ‘ইন্টারনেটের ব্যবহারই দেশীয় সংস্কৃতি বিকাশে প্রধান অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা, ডিজিটাল অ্যানিমেটেড চলচ্চিত্র প্রদর্শনী, ই-সেবা সম্পর্কে আলোচনা, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়-সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, ‘ডিজিটাল শব্দটি কয়েক বছর আগেও আমাদের কাছে অপরিচিত ছিল। কিন্তু সরকারের আন্তরিকতায় ব্যাপক কর্মপরিকল্পনার কারণে আজ অসংখ্য মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছেছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বসে মানুষ দেশের এবং বিশ্বের সব তথ্য জানতে পারছে।’ মেলায় আসা তরুণদের মতে, এটি আরও বড় পরিসরে এবং সপ্তাহব্যাপী হলে প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ বাড়ত।