রাঙামাটিতে নারী অধিকারবিষয়ক কর্মশালা
সামাজিক শৃঙ্খলা রক্ষা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে হেডম্যান ও কারবারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দেশে নারী ও শিশু নির্যাতন বিরোধী কঠোর আইন থাকলেও দুর্বৃত্তরা সে আইন ফাঁকি দিয়ে নানা অপকর্ম করে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
গত ৩০ আগস্ট বেসরকারি সংস্থা ‘পুগবেল’ আয়োজিত ‘নারী অধিকারবিষয়ক কর্মশালার’ উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন এসব কথা বলেন। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় মিলনায়তনে পুগবেলের নির্বাহী পরিচালক শান্তিপদ চাকমার সভাপতিত্বে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কণিকা চাকমা।
পুগবেলের কর্মকর্তা রিতা চাকমা জানান, নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় ২০ জন নারী ও ১০ জন পুরুষ হেডম্যান ও কারবারি অংশ নেন।