রাঙামাটিতে নারী স্বাস্থ্যবিষয়ক মেলা অনুষ্ঠিত
দেশের অধিকাংশ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নারীদের জন্য বিশেষ সুবিধা থাকে না। নারীরা স্বাস্থ্যসেবা নিতে এসে প্রায় সময় বৈরী পরিবেশের শিকার হন। তাই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে নারীবান্ধব করা প্রয়োজন। রাঙামাটি জেনারেল হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত নারীস্বাস্থ্য–বিষয়ক মেলায় বক্তারা এ কথা বলেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালকে নারীবান্ধব করে গড়ে তুলতে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) আর্থিক সহযোগিতায় ১৯ জানুয়ারি এই মেলার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সহযোগিতা করেছে ঢাকার বেসরকারি সংস্থা নারী পক্ষ ও রাঙামাটির হিমাওয়ান্তি।
নারীবান্ধব কর্মসূচির আওতায় রাঙামাটি জেনারেল হাসপাতাল চত্বরে দুই দিনব্যাপী নারীস্বাস্থ্য–বিষয়ক এই মেলা উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
সকাল ১০টায় শুরু হওয়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বৃষ কেতু চাকমা বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পার্বত্য অঞ্চলের চিত্র ভিন্ন। এখানে পাহাড়ে জুমচাষ থেকে শুরু করে ঘরের সব কাজে নারীদের অংশ নিতে হয়। তাই নারীরাই বেশি স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় ভোগেন। মেলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা প্রত্যন্ত অঞ্চলের নারীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাই জেলার পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এ ধরনের মেলার আয়োজন করার জন্য তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
রাঙামাটি সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলার জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. মুছা মাতব্বর এবং ঢাকার নারী পক্ষের সদস্য বেগম শামসুন্নেসা।
মেলা উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া স্তন ও জরায়ু ক্যানসার, ফিস্টুলা ও প্রসূতি নারীদের স্বাস্থ্যসেবাসংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারের বিভিন্ন সেবা ও সহযোগিতার বিষয়ে মেলায় আগত নারীদের পরামর্শ দেওয়া হয়। সব মিলিয়ে মেলায় আটটি সেবামূলক স্টল বসে।