রাঙামাটিতে পাঁচ জয়িতাকে সম্মাননা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে রাঙামাটিতে বিভিন্ন সময় অবদান রাখার জন্য পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সম্মাননা দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। রাঙামাটি জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু শাহেদ চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা, নারীনেত্রী টুকু তালুকদার প্রমুখ।
সম্মাননা পাওয়া জয়িতারা হলেন সৈয়দা নুরুন নাহার বেগম, বাঞ্ছিতা চাকমা, প্রভারানী চাকমা, ঝর্না বড়ুয়া ও টুকু তালুকদার।
আলোচনা সভার আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।