রাঙামাটিতে পানিসংকট
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলছড়া গ্রামের রূপসেনা চাকমা ও রূপঙ্গিনি চাকমা দম্পতির পরিবারে সদস্যসংখ্যা সাতজন। তাঁদের খাবার ও গোসলের জন্য প্রতিদিন পানির প্রয়োজন কমপক্ষে পাঁচ কলস। এই পানি সংগ্রহ করতে হয় তাঁদের বাড়ি থেকে প্রায় পৌনে এক কিলোমিটার দূরের কুয়া থেকে। আর প্রতি কলস পানি বাড়ি আনতে একজনের সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা।রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া বাজার থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে ফুরোমোন (বড় পাহাড়)। এই পাহাড়ের পশ্চিমের পাদদেশে অবস্থিত চেলছড়া গ্রামের ৭৫টি পরিবারের পানির একমাত্র অবলম্বন মাটিতে গর্ত করে বানানো পাশাপাশি চারটি ‘কুয়া’। গ্রামবাসীর পানির উৎস স্থানীয় দুটি ছড়া শুকিয়ে যাওয়ায় কুয়া তৈরি করে পানি সংগ্রহের ব্যবস্থা করল তারা। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চেলছড়া গ্রামের শুকিয়ে যাওয়া দুই পাহাড়ি ছড়ার সংযোগস্থলে ওই কুয়ার পাশে গিয়ে দেখা যায়, অনেক নারী-পুরুষ পালাক্রমে গোসল সারছেন। যাঁরা ওই স্থানে পরে এসেছেন, তাঁরা অপেক্ষা করছেন গাছের ছায়ায়। রূপসেনা ও রূপঙ্গিনি দম্পতি ছোট দুই নাতি-নাতনিকে নিয়ে বসেছিলেন গাছের ছায়ায় তৈরি ‘টং’য়ে (গাছ বাঁশের পাটাতন)। তাঁরা জানান, দুই ছেলে ও পুত্রবধূ প্রতিদিন দুপুর ও বিকেলে ওই কুয়ায় এসে গোসল করেন এবং কলসিতে করে পানি নিয়ে যান। এভাবেই খাওয়ার ও গৃহস্থালি কাজের পানির জন্য দুর্ভোগ পোহানোর কথা জানালেন তাঁরা। স্থানীয় লোকজন জানান, শুকিয়ে যাওয়া ছড়ার কোনো স্থানে গর্ত করলেও পানি পাওয়া যায় না। মাত্র চারটি কুয়ায় ৭০ থেকে ৭৫ পরিবারের পানির চাহিদা কীভাবে মিটানো হয়, প্রশ্ন করলে নিশি কুমার চাকমা, সূর্যবানু চাকমা, জোনাকি চাকমাসহ অনেকে জানান, ভোর থেকে পানির জন্য লাইন দিতে হয়। সারা দিন ভিড় লেগে থাকে। পানির জন্য অনেকের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এমনকি এ নিয়ে গ্রামে সালিস-বৈঠকের আয়োজনও করতে হয় অনেক সময়। পানি সমস্যার কারণে সংশ্লিষ্ট সবার দৈনন্দিন কাজেরও ব্যাঘাত সৃষ্টি হয় বলে তাঁরা জানান। জানা যায়, চেলছড়া গ্রামের মতো পানি নিয়ে সংকট রয়েছে রাঙামাটি জেলার অধিকাংশ দুর্গম গ্রামে। জেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা নুরুন্নবী জানান, জেলায় মাত্র ৩৫ শতাংশ মানুষ নিরাপদ পানির আওতাভুক্ত। বাকি ৬৫ শতাংশ মানুষ শুধু নিরাপদ পানিসহ সব ধরনের পানির সংকটে রয়েছে। জেলার ১০ উপজেলার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি পানির সংকট রয়েছে বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী ও কাপ্তাই উপজেলায়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পাহাড়ের বন ধ্বংস, পাথর উত্তোলনসহ পরিবেশবিরোধী নানা কর্মকাণ্ডের কারণে পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে। এ ছাড়া অনেক স্থানে পানির প্রযুক্তি সঠিকভাবে কাজে না লাগায় শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বৃষ্টি না হলে এ সংকট আরও বাড়বে বলে তাঁরা জানান। নির্বাহী প্রকৌশলী সামশুদ্দোহা নুরুন্নবী বলেন, ‘ভৌগলিক অবস্থা, দুর্গমতা ও প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে রাঙামাটি জেলায় পানির সংকট দূর করা যাচ্ছে না।’ তিনি জানান, পানিসংকট নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বেসরকারি সংস্থা গ্রিনহিল, এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটারসহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থা কাজ করছে। কিন্তু এগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। এ ছাড়া ভৌগোলিক অবস্থার কারণে অনেক এলাকায় রিংওয়েল, নলকূপসহ নিরাপদ পানির কোনো কারিগরি ব্যবস্থা যথাযথভাবে স্থাপন করা যায় না বলে মন্তব্য করেন তিনি। প্রায় ১২ বছর ধরে জেলায় নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন নিয়ে কারিগরি ব্যবস্থা এবং সচেতনতামূলক কাজ করছে বেসরকারি সংস্থা গ্রিনহিল। সংস্থাটির দাবি, তিন পার্বত্য জেলায় দুই লাখের বেশি মানুষকে তারা নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার আওতায় এনেছে। গ্রিনহিলের কর্মসূচি পরিচালক যতন কুমার দেওয়ান মনে করেন, পার্বত্য চট্টগ্রামে লোকজনের মধ্যে নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন বিষয়ে সচেতনতা বাড়লেও চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা বাড়েনি। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের জন্য উপযুক্ত কারিগরি ব্যবস্থা, প্রাকৃতিক উৎস শুকিয়ে যাওয়া, সমন্বয়হীনতা ও চাহিদা মোতাবেক পর্যাপ্ত সহায়তার অভাবে নিরাপদ পানির ব্যবস্থা হচ্ছে না।