রাঙামাটিতে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে ৭১ হাজারের বেশি প্রসবজনিত ফিস্টুলা রোগী আছেন। এ রোগে আক্রান্ত প্রতি এক হাজার নারীর মধ্যে ১ দশমিক ৬৯ শতাংশ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন। ফিস্টুলায় আক্রান্ত নারীরা পারিবারিকভাবেও অবহেলার শিকার হন।
২৩ ডিসেম্বর ‘ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আয়োজিত ‘প্রসবজনিত ফিস্টুলাবিষয়ক অবহিতকরণ সভায়’ আলোচকেরা এ তথ্য জানান। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের সভাকক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনপিএ) সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন বিনোদ শেখর চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, প্রধান অতিথি ছিলেন নারী সাংসদ ফিরোজা বেগম। ইউএনপিএ রাঙামাটি জেলা মাঠ কর্মকর্তা হেলেন চাকমা বলেন, ফিস্টুলা নারী স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাল্যবিবাহ, অসচেতনতা ও অদক্ষ ধাত্রীর মাধ্যমে প্রসব ঘটানোর কারণে প্রসবজনিত ফিস্টুলা হয়। এ বিষয়ে এখন সচেতনতা বাড়ছে।
মূল আলোচ্য বিষয় উপস্থাপন করেন রাঙামাটি জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক হেনা বড়ুয়া। তিনি বলেন, বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসবের কারণে নারীদের ফিস্টুলা হয়। এ রোগে আক্রান্ত নারীরা পরিবারে অবহেলার শিকার হন। কন্যাশিশুদের অবহেলায় লালন-পালন, অপুষ্টি, বাল্যবিবাহ ও অল্প বয়সে গর্ভধারণ বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসবের অন্যতম কারণ। ফলে নারীদের ফিস্টুলা রোগ হয়।
অবহিতকরণ সভায় আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক বেগম শাহানওয়াজ। সভায় জনপ্রতিনিধি, চিকিৎসা কর্মকর্তা, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকেরা অংশ নেন।