রাঙামাটিতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ
কিছুদিন আগে বাংলাদেশের সমতল ভূমির ৬১ জেলার সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য ২০৬ জন সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের রাজস্ব ও পিইডিপি-২-এর অধীনে রাজস্ব শূন্য পদগুলোতে এ নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি থেকে জানা যায়। এ পদের জন্য রাঙামাটি পার্বত্য জেলায় স্থায়ীভাবে বসবাসকারীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্র নিজ হাতে লিখতে হবে।এ বিষয়ে কথা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শ্যামল কান্তি ঘোষের সঙ্গে। তিন পিইডিপি-২ প্রকল্পেরও পরিচালক। তিনি বলেন, ‘সমতলের ৬১ জেলার নিয়োগ আমরা দিয়ে থাকি। কিন্তু বাকি তিন জেলার নিয়োগ হয় সংশ্লিষ্ট জেলা পরিষদের মাধ্যমে।’বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আর প্রার্থী যদি মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে চান, তবে সে ক্ষেত্রে ৪২ বছর বয়স পর্যন্ত গ্রহণযোগ্য। তবে প্রার্থীর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এ বিষয়ে কথা হয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সঙ্গে। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা নিরূপণ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। সে ক্ষেত্রে আমরা সবচেয়ে যোগ্য প্রার্থীকে নিয়োগ দিতে পারব বলে আশা করছি।’প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা হলো এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। আর কোনো প্রার্থীর যদি সার্টিফিকেট ইন এডুকেশন বা সমমানের সার্টিফিকেট কোর্স করা থাকে, তবে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে নিয়োগ পাবেন এবং সমমানের স্কেলে বেতন পাবেন। তবে কারও যদি এই সার্টিফিকেট কোর্স করা না থাকে, তবে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন না। তবে তিনি প্রশিক্ষণবিহীন হিসেবে নিয়োগ পাবেন। এ বিষয়ে শ্যামল কান্তি ঘোষ বলেন, ‘প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা অনুসারে। আর বাদবাকি সিদ্ধান্ত দেবে সংশ্লিষ্ট পরিষদ।’আবেদনকারীকে নিজের হাতে ‘চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ’কে সম্বোধন করে আবেদনপত্র লিখতে হবে। আবেদনপত্র ৩১ ডিসেম্বর ২০১০-এর মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে পাঠাতে হবে। আবেদনপত্র এ-৪ সাইজের কাগজে লিখতে হবে। আবেদনপত্রে প্রার্থী তাঁর প্রার্থিত পদের নাম, নিজের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, সম্প্রদায় বা উপজাতি, বিশেষ কোটা, ধর্মসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব তথ্য উল্লেখ করে আবেদন করবেন। আর পরীক্ষার ফি বাবদ ‘চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ’-এর অনুকূলে সরকার অনুমোদিত যেকোনো ব্যাংক থেকে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। তবে কোনো পোস্টাল অর্ডার গ্রহণ করা হবে না। এ বিষয়ে কথা হয় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব যোগ্যতা পূরণের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে এবং তাঁদের ক্ষেত্রে উল্লিখিত সব অগ্রাধিকারের বিষয়টি বিবেচনায় রাখা হবে।’ আবেদনপত্রের সঙ্গে প্রার্থী তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, চারিত্রিক সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় সব সনদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। যাঁরা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে ইচ্ছুক, তাঁরা অবশ্যই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ইস্যু করা সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দেবেন। আর তাঁদের অবশ্যই বাংলাদেশ সরকার কর্তৃক জেলাভিত্তিক প্রকাশিত গেজেটে রাঙামাটি জেলা কোটায় উল্লিখিত মুক্তিযোদ্ধা হতে হবে। এ বিষয়ে এ কে এম রিয়াজ উদ্দিন বলেন, ‘আমরা এই নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ করব।’ প্রার্থী যদি এতিম হন, তবে তাঁকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এতিমখানা বা শিশুসদন কর্তৃপক্ষের কাছ থেকে সনদ সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। প্রার্থী যদি ভারত প্রত্যাগত শরণার্থী হন, তবে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে সনদ সংগ্রহ করে তা আবেদনের সঙ্গে জমা দিতে হবে। তা ছাড়া প্রার্থী যে পার্বত্য রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দা, তার প্রমাণপত্র জামা দিতে হবে। আর অতিরিক্ত হিসেবে প্রার্থীর যদি কোনো অভিজ্ঞতা থাকে, তবে তিনি তাঁর সনদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে পারেন। প্রার্থীদের নিজ নিজ স্থায়ী ঠিকানা অনুযায়ী নিয়োগ করা হবে। আর চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোটার ক্ষেত্রে সরকারি সব বিধিমালা সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখিল কুমার চাকমা বলেন, ‘এ নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিমোতাবেক উপজাতিদের অগ্রাধিকার দেওয়া হবে।’প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ের পর লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনকারীর বর্তমান ঠিকানায় ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে। লিখিত পরীক্ষা এক মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জেলা পরিষদের একটি সূত্র থেকে জানা গেছে। প্রার্থী আবেদনপত্র ও আবেদনপত্রের খামের ডান পাশে ওপরের দিকে তাঁর উপজেলার নাম ও প্রার্থিত পদের নাম উল্লেখ করবেন। মোট ২০৬টি পদে সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে।