আগামী জাতীয় নির্বাচনে রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাচ্ছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে রাঙামাটি আসনে আপনাদের মনোনীত প্রার্থী হবেন দীপেন দেওয়ান। তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে এই সরকারের দুঃশাসনের জবাব দিতে হবে। কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।১০ আগস্ট দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রার মাধ্যমে মোহাম্মদ মন্জুর আলমকে সংবর্ধনা দিয়েছে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। উপজেলা সদরের বরইছড়িতে বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁকে মোটর শোভাযাত্রাসহ ১৫ কিলোমিটার দূরে কাপ্তাই বিদ্যুৎ ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কর্ণফুলী পানি বিদ্যুৎ কর্মচারী বিনোদন সংঘেও মেয়রকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় মেয়রকে ক্রেস্ট দেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. মহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. দিলদার হোসেন।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে সরকারকে বাধ্য করা হবে এবং ঈদের পর পার্বত্য চট্টগ্রাম থেকেও সরকারবিরোধী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’অনুষ্ঠানে দীপেন দেওয়ান ছাড়াও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসাইন, চাকসুর সাবেক জিএস মাহাবুবর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দিলদার হোসেন, ছাত্রদলের নেতা মোহাম্মদ মামুন, মহির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আবদুর রহিম। দীপেন দেওয়ান বলেন, ‘একমাত্র বিএনপিই পারে দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে।’ তিনি আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।