রাঙামাটিতে বৃক্ষমেলা শুরু
রাঙামাটিতে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা। ‘ফল বৃক্ষে ভরব দেশ, বদলে যাবে বাংলাদেশ’—এ প্রতিপাদ্য সামনে রেখে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ বিভাগ ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, ‘পরিবেশ বাঁচাতে পাহাড়ে ব্যাপক হারে ফলদ ও বনজ গাছের চারা লাগাতে হবে।’ জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবদুল লতিফ, পুলিশ সুপার মাসুদ-উল-হাসান, সদর উপজেলার চেয়ারম্যান মো. মুছা মাতব্বর ও পৌর মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী।মেলায় রাঙামাটির স্থানীয় ৩০টি নার্সারির স্টল স্থান পেয়েছে।