রাঙামাটিতে ব্যাপক উৎসাহ, চলছে প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর রোববার। রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠেয় এ উৎসব ঘিরে রাঙামাটির নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে প্রস্তুতি। শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। শুধু অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তবে সব শ্রেণীর শিক্ষার্থীদের উৎসবে যোগ দিতে কোনো বাধা নেই। শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় রাঙামাটিসহ দেশের ১২০টি ভেন্যুতে এই উৎসব চলবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ সুগম হবে বলে মনে করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা। গত বছর প্রথমবারের মতো এ উৎসব শুরু হয়। উৎসবে এ বছর আরও বেশি প্রযুক্তিভিত্তিক গেম শো এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে জানার সুযোগ রয়েছে। প্রতিযোগীরা ছাড়াও এতে যোগদানকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা গেম শোতে অংশগ্রহণ ও তথ্যপ্রযুক্তি বিষয়ে জানার সুযোগ পাবেন। উৎসব শুরু হবে সকাল আটটায়।গত মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রথম আলো রাঙামাটি বন্ধুসভার উপদেষ্টা হরি কিশোর চাকমা, সভাপতি উথান মারমা, সহসভাপতি মো. ইউনুস ও সাংগঠনিক সম্পাদক শ্যামল চাকমা বক্তব্য দেন। তাঁরা ইন্টারনেট উৎসবের খুঁটিনাটি বিষয় বন্ধুসভার সদস্যদের সামনে তুলে ধরেন। অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা যেন তথ্যপ্রযুক্তি বিষয়ে সর্বোচ্চ জানার সুযোগ পান এবং অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সেদিকে দৃষ্টি দিতে বন্ধুসভার সদস্যদের অনুরোধ জানানো হয়। এদিকে প্রতিযোগী বাছাই করতে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যে ফরম পাঠানো হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগী বাছাইয়ের কাজও শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চেষ্টা করছে যেন তাদের প্রতিষ্ঠানের প্রতিযোগী রাঙামাটির আই-জিনিয়াস নির্বাচিত হয়। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো— রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, মোনঘর আবাসিক বিদ্যালয়, রানি দয়াময়ী উচ্চবিদ্যালয়, মোজাদ্দেদ ই আলফেসানী একাডেমি, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ আবদুল আলী একাডেমি, রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়, শাহ বহুমুখী উচ্চবিদ্যালয় ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।