রাঙামাটিতে ভরতনাট্যম প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের সোমা চাকমা পড়াশোনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখানেই ঘর বেঁধেছেন। তবে মাঝেমধ্যে বেড়াতে আসেন জন্মভূমিতে। এবার বেড়াতে এসে উদ্যোগ নিয়েছেন নিজ জন্মভূমির নৃত্যশিল্পীদের নৃত্যকলার অভিজাত এবং ঐতিহ্যবাহী ভরতনাট্যম প্রশিক্ষণের। এই উদ্যোগে সহায়তা করছে জেলা শিল্পকলা একাডেমী, গ্লোবাল ভিলেজ ও জুমভিউ ফাউন্ডেশন।১৪ দিনব্যাপী ভরতনাট্যম প্রশিক্ষণ শুরু হয়েছে ভারতের উদয় শংকর স্কুল অব ড্যান্সের ভরতনাট্যমের প্রশিক্ষক সোমা চাকমার তত্ত্বাবধানে। গত মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি আশা করেন, প্রশিক্ষণার্থীরা ভরতনাট্যমের প্রাথমিক ধারণা লাভের মাধ্যমে নৃত্যশৈলীর নিখুঁত দিকগুলো বুঝতে পারবেন। সোমা চাকমার ভারতের একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হওয়াকে তিনি রাঙামাটির জন্য গৌরবের বলে মন্তব্য করেন। উদ্যোক্তারা জানিয়েছেন, রাঙামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ নৃত্যশিল্পী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। সোমা চাকমা জানান, ভরতনাট্যম একটি বিশাল সমুদ্র, মাত্র ১৪ দিনের প্রশিক্ষণে এ সম্পর্কে শেখা বা জানা অসম্ভব, তাই কর্মশালায় ভরতনাট্যমের প্রথম ধাপ সম্পর্কে ধারণা, নৃত্যশৈলীর প্রারম্ভিক স্তুতি বন্দনা, আর দ্বিতীয় পর্যায়ে যতিস্বরম সম্পর্কে প্রশিক্ষণ এবং রাগাশ্রয়ী নাচ সম্পর্কে শেখানো হবে। তিনি বলেন, রাঙামাটি সংস্কৃতিতে সমৃদ্ধ। এখানে রয়েছে অনেক প্রতিভাবান শিল্পী। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা মুজিবুল হক, গ্লোবাল ভিলেজের নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, জুমভিউ ফাউন্ডেশনের সভাপতি মনোজ বাহাদুর, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে প্রমুখ। পরে সোমা চাকমা ও তাঁর ছাত্রী সাবরিনা সারওয়ারের নৃত্য দর্শকদের মুগ্ধ করে।