রাঙামাটিতে মা ও নবজাতকের মৃত্যু রোধবিষয়ক কর্মশালা
‘মা ও নবজাতকের মৃত্যু রোধে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ’ শিরোনামে চার দিনব্যাপী কর্মশালা ২৭ আগস্ট রাঙামাটিতে শেষ হয়। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকার ও জাতিসংঘের যৌথ উদ্যোগে জেলায় ‘মা ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি’ আনুষ্ঠানিকভাবে শুরুর প্রাক্কালে এ কর্মশালার আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা সিভিল সার্জন মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৪ আগস্ট কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এই কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, মা ও নবজাতকের মৃত্যুহার কমানোর লক্ষ্যমাত্রা অর্জনের পথে প্রধান বাধা জনবলসংকট। তবে সংশ্লিষ্ট সবাই সচেতন হলে মা ও নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব।
কর্মশালায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য নিলু কুমার তঞ্চঙ্গ্যা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানভীর আজম সিদ্দিকী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক মো. জান-ই আলম।
—নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি