রাঙামাটিতে মানসম্পন্ন পণ্যের প্রদর্শনী
‘পার্বত্য চট্টগ্রামের মানুষের ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। আগে শোনা যেত শুধু হতাশার কথা—“কিছু হবে না, এসব করে কী লাভ।” এখন সে অবস্থার পরিবর্তন ঘটছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।’গত বুধবার সেরা মানসম্পন্ন পণ্যের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসব কথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্প (সিএইচটিডিএফ) রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। এটি দ্বিতীয়বারের মতো আয়োজন।এর আগে তিন পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা ৭৫টি পণ্যের দিনব্যাপী প্রদর্শনী চলে সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাঠে। ইউএনডিপি সিএইচটিডিএফের অর্থনৈতিক উন্নয়ন ও জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রকল্পের প্রধান বিপ্লব চাকমা জানান, জাতিসংঘের ইউনেসকো বিশ্বের বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের মানোন্নয়ন, প্রসার ও প্রতিযোগিতার আয়োজন করে। সেই একই আদলে ক্ষুদ্র পরিসরে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কাঁচামালভিত্তিক বিভিন্ন পণ্যের মানোন্নয়নে প্রদর্শন ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। জানা যায়, চূড়ান্ত প্রতিযোগিতার আগে জেলা পর্যায়ে আয়োজিত তিনটি প্রদর্শনীতে ৩৮৬টি পণ্য উপস্থাপন করা হয়। সেখান থেকে বিশেষজ্ঞ কমিটি বাছাই করে ৭৫টি মানসম্পন্ন পণ্যের তালিকা তৈরি করে। সেই ৭৫টি পণ্যের প্রদর্শন ও প্রতিযোগিতা হয় এ আয়োজনে।বিশেষজ্ঞ কমিটির সদস্যরা অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, স্থানীয় কাঁচামালভিত্তিক যেসব পণ্য জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রদর্শন করা হয়েছে, সেগুলোর মান তেমন খারাপ নয়। তবে তৈরিতে কিছু সমস্যার কারণে বাছাই থেকে বাদ পড়েছে। তাঁদের মতে, আপাতত ঢাকা, চট্টগ্রামের বাজার ধরার দিকেই মনোযোগ দিতে হবে। পার্বত্য চট্টগ্রামে উৎ পাদিত কাঁচামালভিত্তিক পণ্য তৈরির জন্য কর্মীবাহিনী প্রস্তুত রয়েছে। এখন তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দিতে হবে। বিশেষজ্ঞ কমিটিতে ছিলেন বেইন টেক্সটাইলের স্বত্বাধিকারী মঞ্জুলিকা চাকমা, রাঙামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও গবেষক সুগত চাকমা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বি কে বালা, এম খায়রুল আলম ও সেলিম আহমেদ।তিন পার্বত্য জেলা থেকে আসা ৭৫টি পণ্যের মধ্যে চূড়ান্তভাবে ১৫টিকে মানসম্পন্ন ও পাঁচটিকে সেরা মানসম্পন্ন পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেরা মানসম্পন্ন পণ্য প্রস্তুতকারীদের ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। সেরা পাঁচ মানসম্পন্ন পণ্য প্রস্তুতকারী ও পণ্যগুলো হলো—বরকলের লাইজু গ্রামের নেইখুয়া পাংখুয়ার বাঁশজাত পণ্য ‘লানটে নামরুই’ (এক প্রকার ঝুড়ি), খাগড়াছড়ি সদরের রিটন চাকমার বস্ত্রজাত ডল বা পুতুল, থানচির ডন রাম ম্রোর জুয়েলারি পণ্য কেংবুক (ম্রো পুতির মালা), রোয়াংছড়ির নইচেই খুমির নিকা (খুমি ঐতিহ্যবাহী কাপড়) ও এম্পুপাড়ার রেং ইয়ান ম্রোর আদা পাউডার। সিএইচটিডিএফের প্রধান বাস্তবায়ন কর্মকর্তা রবার্ট স্টলম্যানের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার।