রাঙামাটিতে মাসব্যাপী পাটপণ্য ও হস্তশিল্প মেলা শুরু
রাঙামাটিতে মাসব্যাপী পাটপণ্য ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় শহরের রাজবাড়ী এলাকার কুমার সমিত রায় জিমনেশিয়াম চত্বরে এ মেলা উদ্বোধন করা হয়। জেলা পরিষদের সহযোগিতায় রাঙামাটি জেলা উদ্যোক্তা উন্নয়ন পরিষদ ও ঢাকার ডেভেলপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটি (ডিপিএস) মেলার আয়োজন করেছে।
মেলা ঘুরে দেখা যায়, পাট ও হাতের তৈরি বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। পাওয়া যাচ্ছে ব্যাগ, ফ্লোরম্যাট, ঘর সাজানোর উপকরণসহ নানা পণ্য।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, পাট আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদকে ব্যবহার করে পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যাবে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে তাঁত ও হস্তশিল্প প্রসারে অনেক সম্ভাবনা রয়েছে। এ মেলার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত ও স্থানীয় পণ্যকে দেশ-বিদেশে পরিচিত করানো যাবে।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সহকারী পুলিশ সুপার মো. শাহিনুর আলম। তিনি বলেন, ‘পাটপণ্য ব্যবহারে সরকারের নির্দেশনা রয়েছে। তা ছাড়া দেশীয় পণ্য ব্যবহার করে আমরা স্বাবলম্বী হতে পারি। এ জন্য এসব পণ্য ব্যবহারে আমাদের সচেতন হতে হবে।’
সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙামাটি জেলা উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা।
মেলার আয়োজকেরা জানান, তিন পার্বত্য জেলা এবং ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা মেলায় অংশ নিচ্ছেন। ৭০টি স্টলে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি চলবে। এ মেলার মাধ্যমে পাটপণ্য ব্যবহারে জনগণকে উৎসাহিত করা হবে।