রাঙামাটিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে শিক্ষকদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করতে গিয়ে অধ্যাপক মংসানু চৌধুরী বলেন, শিক্ষকতা মহান এবং কঠিন পেশা। এ পেশায় থাকলে সারা জীবন জ্ঞান আহরণ ও দান করে যেতে হয়।
বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ১৫ জুন রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকার ‘টংগ্যা’ কার্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। রাঙামাটি জেলার বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষকেরা কর্মশালায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটির সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, জেলার সব প্রত্যন্ত এলাকায় সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভব নয়। সেই ঘাটতি পূরণ করছে বেসরকারি সংস্থাগুলো।
প্রকল্পের সমন্বয়কারী মানবাশীষ চাকমা জানান, মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ‘টংগ্যা-ইন্টিগ্রেটেড সাপোর্ট প্রমোট প্রাইমারি এডুকেশন ইন রিমোট এরিয়াস অব রাঙামাটি হিল ট্রাক্টস’ প্রকল্পের আওতায় টংগ্যা বরকল উপজেলায় ২৫টি ও বিলাইছড়ি উপজেলায় ১০টি এবং সহযোগী সংগঠন শান্তির আলো কাউখালী উপজেলায় ও আশ্রয় অঙ্গন রাজস্থলী উপজেলায় চারটি করে বিদ্যালয় পরচিলনা করছে। প্রকল্পের উদ্দেশ্য প্রত্যন্ত অঞ্চলের সুযোগবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা। তিনি জানান, প্রকল্পের মেয়াদ শেষে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং শিশুদের পরিবারে পুষ্টির ঘাটতি পূরণে আয়বর্ধক কার্যক্রমেও সহযোগিতা দেওয়া হচ্ছে।