রাঙামাটিতে সবজির দাম চড়া, দিশেহারা ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবজির চড়া দামে রাঙামাটি শহরের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকজন দিশেহারা হয়ে উঠেছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে স্থানীয়ভাবে উৎপাদিত সবজির খেত ডুবে যাওয়ায় অধিকাংশ সবজি সমতল এলাকা থেকে আনতে হচ্ছে। এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজির দামও বেড়েছে বলে বিক্রেতারা দাবি করেছেন। এ ছাড়া আদিবাসীদের জুম খেতে উৎপাদিত সবজির দামও বেশ চড়া।গত সোমবার রাঙামাটি শহরের সবচেয়ে বড় কাঁচাবাজার বনরূপায় ঘুরে দেখা গেছে, জুমের ছোট মরিচ কেজি ১২৫ থেকে ১৫০ টাকা, আলু ২২ টাকা, বেগুন সমতলের ৫০ ও জুমের ৬০ টাকা, বরবটি সমতলের ৬০ ও জুমের ৭০ টাকা, সমতল ও জুমের চিচিঙ্গা ৫০ টাকা, কাঁকরোল সমতলের ৬০ ও জুমের ৮০ টাকা, ঢেঁড়স সমতলের ৬০ ও জুমের ৮০ টাকা, শিম সমতলের ৬০ ও জুমের ৭০ টাকা, পটোল সমতলের ৪০ ও জুমের ৬০ টাকা, মূলা ও লাল শাক ৪০ টাকা, পুঁই বিচি ও শাক ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ৯০ থেকে ১০০ টাকা, মারফা (জুমে উৎপাদিত একধরনের শসা) ৪০ থেকে ৫০ টাকা, আদা ও হলুদের ফুল প্রতিটি এক থেকে এক টাকা ২৫ পয়সায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ী ও চাষিরা স্বীকার করেছেন, একমাত্র জুমের ছোট মরিচ ছাড়া প্রায় সব রকম সবজির দাম বেড়েছে।রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক ত্রিবিজয় চাকমা বলেন, ‘সবজির চড়া দামে আমাদের মতো সীমিত আয়ের পরিবারগুলোকে চরম সংকটে থাকতে হচ্ছে।’ ঢাকা, চট্টগ্রামের মতো বড় বড় শহরের চেয়ে কোনো কোনো সবজির দাম রাঙামাটি শহরে বেশি বলে তিনি উল্লেখ করেন।একটি সরকারি কার্যালয়ের নিম্নমান সহকারী ফরিদ উদ্দিন বলেন, ‘সবজির চড়া দামে আমাদের মতো নিম্ন আয়ের লোকজন দিশেহারা। তার পরও খাওয়াটাই প্রথম। তাই পরিবারের মাসিক খরচ কাটছাঁট করে সবজি কিনে খেতে হচ্ছে।’গত রোববার রাঙামাটির সবজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজানসহ বিভিন্ন এলাকা থেকে সবজি এনে বিক্রি করতে হয়। এ ছাড়া আলু আনতে হয় বগুড়াও মুন্সিগঞ্জ থেকে। বনরূপা কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী রফিক বলেন, ‘সবজির দাম বাড়লেও আমাদের বিক্রি করতে হচ্ছে কম লাভে। কারণ, সমতলেও সবজির দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন খরচ বেড়ে গেছে।’ব্যবসায়ী শামসুদ্দিন জানান, কাঁচা শাকসবজি প্রতিদিন বিভিন্ন পরিবহনে করে এনে বিক্রি করতে হয়। তাতে অনেক সবজি নষ্ট হয়ে যায়। তাই সবকিছু মিলিয়ে কিছুটা লাভ রেখে বিক্রি করতে হয়।অন্যদিকে, বালুখালী ইউনিয়ন থেকে সবজি বিক্রি করতে আসা আদিবাসী চাষি পুনংচান চাকমা (৩৫) জানান, প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। তাই তাঁদেরও উৎপাদিত সবজি একটু দাম দিয়ে বিক্রি করতে হয়। তা না হলে সংসার চালাতে কষ্ট হয়। এ ছাড়া কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় নিচু স্থানের সব তরিতরকারি ডুবে গেছে। এখন আয়ের একমাত্র সম্বল জুমখেতে উৎপাদিত সবজি।