রাঙামাটিতে সাংগ্রাই উৎসব
‘সাংগ্রাই মা/ঞি ঞি, ঞা ঞা রিকজাই পা মে/লা গে, লা গে’ (এলো সাংগ্রাই/এসো বন্ধুরা, এসো বান্ধবীরা/ সবাই মিলে জল উৎসবে মেতে উঠি) গান শুরুর সঙ্গে সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার তরুণীদের পাশ থেকে তরুণদের লক্ষ করে পানি ছিটিয়ে দেন। এর পরই সারা মাঠে শুরু হয়ে যায় পানি ছিটানোর উৎসব।গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে সাংগ্রাই উপলক্ষে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) ‘আপন সংস্কৃতি হোক সমপ্রীতি ও দিন বদলের অনুপ্রেরণা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করে জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মাসসের প্রধান উপদেষ্টা চিংকিউ রোয়াজা জানান, পার্বত্য চট্টগ্রামের অন্য আদিবাসী সমপ্রদায় বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন বৈসাবি উদ্যাপন করলেও মারমা সমপ্রদায় বর্মী পঞ্জিকা অনুসরণে দুই দিন পর পালন করে সাংগ্রাই উৎসব। তিনি বলেন, মারমাদের বিশ্বাস পরস্পরের জল ছিটানোর মধ্য দিয়ে পুরাতন বছরের সব গ্লানি, ব্যর্থতা ধুয়ে যাবে, নতুন বছর শুভ ও সুন্দর হবে। উৎসবে তরুণ-তরুণীরা পানি ছিটিয়ে জীবনসঙ্গী বেছে নেন কিংবা মন দেওয়া নেওয়া করেন।রাঙামাটি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বেতবুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে সকাল থেকে মানুষের ঢল নামে। আশপাশে জমে ওঠে মেলা। সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসু চাইন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ‘সরকার চায় দেশে শতফুল ফুটুক। সব সমপ্রদায় নিজ নিজ কৃষ্টি, সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে বিকশিত হোক।’এসময় আরও বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, মাসসের প্রধান উপদেষ্টা চিংকিউ রোয়াজা, কাউখালী উপজেলা চেয়ারম্যান অংচা প্রু মারমা, অংসুই প্রু চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিশ্বজিত ভট্টাচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. মোস্তফা কামাল প্রমুখ।