রাঙামাটিতে স্থলবন্দর প্রকল্প হিমাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার তেগামুখে স্থলবন্দর স্থাপনের প্রক্রিয়া হঠা ৎ থেমে গেছে। এতে হতাশ হয়ে পড়েছেন স্থানীয় লোকজন ও তালিকাভুক্ত সিঅ্যান্ডএফ এজেন্টরা। অবশ্য এ নিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি প্রস্তাবনা সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মিজোরামের লোকজনের চাহিদার কারণে ভারত-বাংলাদেশের মধ্যে সীমান্ত বাণিজ্য চালু হলে বাংলাদেশ লাভবান হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসন ও তেগামুখ এলাকার লোকজনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ৪৭ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বরকল উপজেলার তেগামুখ ও খাগড়াছড়ির রামগড়ে দুটি স্থলবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের ১৫ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সভায় এ দুটি স্থানকে শুল্কস্টেশন হিসেবে কার্যকর করা হয়।সম্প্র্রতি সরেজমিন তেগামুখ গিয়ে জানা যায়, দুই দেশের মধ্যে বাণিজ্য চালুর ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিলেও বাংলাদেশ সরকারের উদ্যোগ স্থবির হয়ে রয়েছে। বরগাঙ তেগামুখ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কামিনী চাকমা জানান, পাকিস্তান আমলে ভারতের সঙ্গে সামান্য পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হতো। সে কারণে সেখানে একটি কাস্টমস কার্যালয়ও ছিল। ১৯৭৪ সালে সেটি তুলে নেওয়া হয়।তেগামুখ বাজারের ইজারাদার জগত জ্যোতি চাকমা ও ব্যবসায়ী জ্ঞান লাল চাকমাসহ স্থানীয় লোকজন জানান, বর্তমানে সরকারি কোনো অনুমোদন না থাকলেও দুই দেশের লোকজনের মধ্যে নানাভাবে বিভিন্ন পণ্য বেচাকেনা চলে। তার মধ্যে বাংলাদেশি পণ্যই বেশি যায় ভারতে। তাঁরা জানান, বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, মেলামাইন, অ্যালুমিনিয়াম সামগ্রী, প্রসাধন ও তামাকজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও শুঁটকির প্রচুর চাহিদা রয়েছে ভারতীয়দের কাছে। এ ছাড়া, পেঁয়াজসহ ভারতে উ ৎ পাদিত অনেক নিত্যপণ্য মিজোরামে পাওয়া যায় না। মূলত পরিবহনে খরচ বেশি হওয়ায় সেসব পণ্য মিজোরামের লোকজন বাংলাদেশিদের কাছ থেকে কিনে নেয়।ব্যবসায়ীদের মতে, মিজোরামের লোকজনের চাহিদার কারণে ভারত-বাংলাদেশের মধ্যে সীমান্ত বাণিজ্য চালু হলে বাংলাদেশ লাভবান হবে। এতে সরকারি সুযোগ-সুবিধাবঞ্চিত তেগামুখ এলাকায় অবকাঠামোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়বে বলেও তাঁদের ধারণা।জানা গেছে, ভারতের সঙ্গে বাণিজ্য সুবিধা বাড়াতে চট্টগ্রাম শুল্ক ও আবগারি কর্তৃপক্ষ বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তেগামুখ স্থলবন্দরের জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট নিয়োগ দিয়েছে। সংশ্লিষ্ট এজেন্টসহ বেশকিছু ব্যবসায়ী স্থলবন্দর চালু হওয়ার আশায় তেগামুখ বাজার ও আশপাশের এলাকায় প্লটও কিনেছেন। তালিকাভুক্ত কয়েকজন সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মকর্তা হতাশা ব্যক্ত করে বলেন, ‘আমরা সরকারি সিদ্ধান্তহীনতায় খুবই উদ্বিগ্ন। প্রায় দেড় বছর আগে আমাদের তালিকাভুক্ত করা হলেও স্থলবন্দর স্থাপনের ব্যাপারে কোনো কিছু জানানো হচ্ছে না।’জানা গেছে, গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা তেগামুখ পরিদর্শন করে গেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের তেগামুখ পরিদর্শনের পরপরই সরকারি স্থাপনা নির্মাণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে তেগামুখ এলাকায় প্রাথমিকভাবে ১০ একর জায়গা অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু হয়। এ ছাড়া, নৌপরিবহন মন্ত্র্রণালয়ের অতিরিক্ত সচিব ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরীর নেতৃত্বে একটি দল বরকল উপজেলা পরিষদের কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও তেগামুখের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে স্থলবন্দর স্থাপন ও কর্ণফুলী নদী খননের বিষয়ে আলোচনা করেন। একই দিন দলটি তেগামুখ এলাকাও পরিদর্শন করে।অন্যদিকে মিজোরামের ট্রেড অ্যান্ড কমার্স মিনিস্টারও কয়েকজন সরকারি কর্মকর্তাসহ তেগামুখ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে স্থলবন্দর নির্মাণে খুব দ্রুত কাজ শুরু করার কথা বলেন ভারতের প্রতিনিধিরা। যোগাযোগ করা হলে রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরী এলাকা পরিদর্শন ও স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময়ের পর সরকারের কাছে একটি প্রস্তাবনা পেশ করেছেন। সেটি সরকার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।