রাঙামাটিতে স্যানিটেশন সচেতনতা কার্যক্রম
জাতিসংঘ শিশু তহবিলের অর্থায়নে রাঙামাটি জেলার ৭৫টি বিদ্যালয়ে পরিচালিত হচ্ছে স্যানিটেশন সচেতনতা কার্যক্রম। এ কার্যক্রম সফল হলে প্রকল্পের আওতাভুক্ত বিদ্যালয়ের আশপাশের মানুষজনের মধ্যে নিরাপদ পানি পান ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে সচেতনতা বাড়বে বলে মনে করছেন জাতিসংঘের উন্নয়ন কর্মকর্তারা।
রাঙামাটি জেলার সদর ও রাজস্থলী উপজেলার আটটি ইউনিয়নের ‘বিদ্যালয়ের নেতৃত্বে স্যানিটেশন সচেতনতা’ শীর্ষক প্রকল্প পরিচালিত হচ্ছে। বেসরকারি সংস্থা কনসার্ন ইউনিভার্সালের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা স্পেস এ প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা অনিতা দেববর্মণ জানান, বিদ্যালয়গুলোকে কাজে লাগিয়ে স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলনে মানুষজনকে উদ্বুদ্ধ করাই এ প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পের আওতায় নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণের পাশাপাশি ছাত্র-শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, পাড়াবাসী ও গণ্যমান্য ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা এবং ব্যক্তিগত ও খানাভিত্তিক স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলনে উদ্বুদ্ধ করতে বিদ্যালয়গুলোতে ছাত্র ব্রিগেড গঠন করা হয়েছে।
সরেজমিনে ১০টি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, প্রতিটিতে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক স্বাস্থ্যসম্মত পায়খানা ও হাত ধোয়ার বেসিন, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। স্থাপন করা হয়েছে রিংওয়েল বা টিউবওয়েল। পানি তোলার জন্য বিদ্যুৎবিহীন বিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে জেনারেটর।
রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের বড় মহাপুরুম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কলিনা চাকমা বলে, ‘আমাদের আগে খুব সমস্যা হতো। প্রায় এক বছর আগে বিদ্যালয়ে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও কাপড় পরিষ্কারের ব্যবস্থা হওয়ায় সমস্যা কেটে গেছে। সবাই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারছি।’
স্পেসের প্রকল্প সমন্বয়কারী শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা জানান, প্রকল্প বাস্তবায়নে প্রতি বিদ্যালয়ে সর্বোচ্চ আট লাখ ৫৩ হাজার এবং সর্বনিম্ন তিন লাখ ৯৮ হাজার টাকা ব্যয় হয়েছে। প্রকল্পভূক্ত বিদ্যালয়গুলোতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা নয় হাজার ৭৬৬জন। এর মধ্যে ছাত্রী চার হাজার ৬০৮ এবং ছাত্র পাঁচ হাজার ১৫৮জন। প্রতিবন্ধী রয়েছে ৫৯জন। শিক্ষক-শিক্ষিকা ৩৪৬ জন। প্রকল্পের উপকার পাচ্ছেন ২০ হাজার ৫০৬টি খানার ৪৫ হাজার ৯১৬ জন নারী ও ৪৪ হাজার ৪০৭জন পুরুষ মিলিয়ে মোট ৯০ হাজার ৩২৩জন।