প্রায় সাড়ে ১৬ বছর পর আদিবাসী নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালত। কিন্তু কল্পনা চাকমার ভাই মামলার বাদী কালিন্দী কুমার চাকমাসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-সমর্থিত (ইউপিডিএফ) সাতটি আদিবাসী সংগঠনের দাবি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের। এ দাবিতে আজ রোববার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে আইনজীবীরা মুখ্য মহানগর হাকিম আদালতের রায়কে ইতিবাচকভাবে দেখছেন।ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবী রাঙামাটি জেলা পুলিশ সুপারকে এ বছরের ২০ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে চারটি নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো, কল্পনা চাকমাকে উদ্ধারের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালানো, মামলার ঘটনার সাক্ষী ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় লিপিবদ্ধ করা এবং লে. ফেরদৌস, ভিডিপি নুরুল হক ও সালেহ আহমদকে নিবিড় পর্যবেক্ষণে রেখে জিজ্ঞাসাবাদ করা। ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহূত হন। ২০১০ সালের ২১ মে পুলিশ কল্পনা চাকমা অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। কিন্তু মামলার বাদী কালিন্দী কুমার চাকমা আদালতে নারাজি আবেদন দাখিল করেন। পরে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালত সিআইডিকে কল্পনা চাকমার অপহরণ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত বছরের ২৬ সেপ্টেম্বর সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মো. শহীদুল্লাহ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে তাতেও নারাজি আবেদন করেন কালিন্দী কুমার চাকমা। ১৬ জানুয়ারি ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম নারাজি আবেদন গ্রহণ করে রাঙামাটি পুলিশ সুপারকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। আদালত বলেছেন, মামলার ডকেট ও দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না তার যথাযথ তথ্য পাওয়া যায় না। সিআইডির তদন্ত কর্মকর্তা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ না করে তাঁদের পক্ষ থেকে মামলার ঘটনার বিষয়ে আত্মপক্ষ সমর্থনবিষয়ক কোনো বক্তব্য না নিয়েই প্রতিবেদন দাখিল করেছেন মর্মে পরিলক্ষিত হয়।রায়ের আর এক স্থানে আদালত বলেন, ‘বিগত ১৬ বছর পূর্বে অর্থাৎ এজাহারে বর্ণিত ১১ জুন ১৯৯৬ সালের ঘটনার পূর্বে কল্পনা চাকমা নামের একজন নাগরিকের অস্তিত্ব রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানায় ছিল। এজাহারে বর্ণিত তারিখের পর এরপর পৃষ্ঠা ২ কলামথেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা অতি সত্য কথা। এ ঘটনার রহস্য ও তথ্য উদ্ঘাটন করা এবং দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা ও দোষিদের শাস্তির ব্যবস্থা করা বিধিমতে রাষ্ট্রের সংশ্লিষ্ট এজেন্সির দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।’এদিকে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রস্টের (ব্লাস্ট) রাঙামাটি জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুযায়ী পক্ষপাতহীন, ইতিবাচক ও প্রভাবমুক্তভাবে তদন্ত পরিচালনা করা হলে কল্পনা চাকমা অপহরণের প্রকৃত তথ্য ও রহস্য উদ্ঘাটিত হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আদালতের সীমাবদ্ধতার আলোকে বিচার বিভাগীয় তদন্ত আপাতত বিবেচনা করা যাচ্ছে না বলে উল্লেখ করা হলেও প্রয়োজনীয়তা নাকচ করেননি।’