রাঙামাটিতে হঠাৎ ম্যালেরিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলায় হঠাৎ ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে। সরকারি হিসাবে, গত জুন মাসে দুই হাজার ৫৯৫ জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগে মে মাসে ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছিল ৬০৭ জন। তবে কোনো রোগী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ইতিমধ্যে রাঙামাটিসহ ম্যালেরিয়াপ্রবণ জেলাগুলোতে ‘মাইক্রো প্ল্যান’ কার্যক্রম হাতে নিয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ভারতীয় সীমান্তবর্তী উপজেলাগুলোতে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেশি। সীমান্তবর্তী চারটি উপজেলার মধ্যে গত জুন মাসে বিলাইছড়িতে এক হাজার ২৯, জুরাছড়িতে ৪৫৩, বরকলে ৩০৯ ও বাঘাইছড়ি উপজেলায় ৪১৭ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে। জেলার অপর ছয়টি উপজেলার মধ্যে রাঙামাটি সদরে ৩৮, কাউখালীতে ২৩, কাপ্তাইয়ে ১৩০, লংগদুতে ২৫, রাজস্থলীতে ৮৩, নানিয়ারচরে ৭১ এবং রাঙামাটি জেনারেল হাসপাতালে ১৬ ও এসএমওতে একজন রোগী শনাক্ত করা হয়েছে। অবশ্য বিভিন্ন দুর্গম এলাকার জনপ্রতিনিধিরা ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আরও অনেক বেশি হবে বলে মন্তব্য করেছেন।
বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা, জুরাছড়ি উপজেলার দুমদম্যা ইউপি চেয়ারম্যান তরুণমণি চাকমা ও বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, সরকারি হিসাবের চেয়ে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেশি হবে। কারণ দুর্গম এলাকায় ম্যালেরিয়া রোগীরা রক্ত পরীক্ষা করতে আসে না। জ্বরের লক্ষণ দেখে স্বজনেরা বাজারে এসে ওষুধ কিনে নিয়ে খাওয়ায়।
তরুণমণি চাকমা বলেন, কয়েক দিন ম্যালেরিয়ার সঙ্গে ডায়রিয়াও দেখা দিয়েছিল। তবে সেনাবাহিনীর সদস্যরা অনেক মুমূর্ষু রোগীকে চিকিৎসা দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন।
রাঙামাটি জেলা সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর একটানা বৃষ্টিপাত না হওয়ায় মশার প্রজনন বেড়েছে। কারণ একটানা বৃষ্টিপাত না হলে পাহাড়ের বিভিন্ন গর্ত ও ছড়ায় পানি জমে মশার প্রজননে সুবিধা হয়। এ ছাড়া ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, সেখান থেকেও ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি সন্ধ্যা থেকে মশারি ব্যবহার, আশপাশের ঝোপঝাড় ও নর্দমা পরিষ্কার রাখার পরামর্শ দেন।
ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্ধৃতি দিয়ে ১৪ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়, দক্ষিণ ত্রিপুরায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ৬৮ জন মারা গেছে। ম্যালেরিয়া জীবাণু বহনকারী ৩০ হাজার ৪৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে রোগীদের চিকিৎসা দেওয়া ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারি সতর্কতা: রাঙামাটি জেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগসহ ব্রাক স্বাস্থ্যকর্মী, রাঙামাটি জেলা পরিষদের কমিউনিটি স্বাস্থ্যকর্মী ও হিলফ্লাওয়ার নামের একটি বেসরকারি সংস্থার কর্মীরা কাজ করছেন। এসব কর্মীর ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা বিনোদ শেখর চাকমা জানান, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা প্রদান’–এর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যেকোনো স্থানের জ্বরের রোগীকে ৪৮ ঘণ্টার মধ্যে রক্ত পরীক্ষাসহ চিকিৎসার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের এ ব্যবস্থার কারণে ম্যালেরিয়ায় মৃত্যুর ঘটনা প্রতিরোধ সম্ভব হবে বলে উল্লেখ করে বলেন, কয়েক দিনের মধ্যে রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন স্থানে মাইকযোগে ম্যালেরিয়া বিষয়ে সতর্কতা জারি করা হবে।