রাঙামাটিতে 'নেরিকা' আউশের উৎপাদন বাড়াতে প্রণোদনা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে ‘নেরিকা’ জাতের আউশ ধানের উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ, সার ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। ২০ এপ্রিল বেলা ১১টায় রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম বলেন, ‘কৃষি খাতে প্রণোদনা ও ভর্তুকি বাড়ানো হলে দেশ আরও সমৃদ্ধ হবে। কারণ, কৃষকদের অক্লান্ত পরিশ্রমেই বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশ।’
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রমণী কান্তি চাকমা বলেন, খরা, লবণাক্ততা সহনশীল নেরিকা একটি শংকর জাতের ধান। এটি তিন মৌসুমে আবাদ করা যায়। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের জুমখেতেও আবাদের উপযোগী। অন্যান্য ধানের চেয়ে কম সময়ে ফসল পরিপক্ব হয়। রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা জানান, কর্মসূচির আওতায় উদ্বোধনী দিন ৮৫ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রতিজনকে প্রতি বিঘা চাষের জন্য ১০ কেজি নেরিকা আউশ বীজ ও ৪০ কেজি সার দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে আগাছা পরিষ্কার বাবদ ৪০০ ও সেচ খরচ বাবদ ৪০০ টাকা জমা দেওয়া হবে। রাঙামাটি জেলার ১০ উপজেলায় ৮০০ জন কৃষককে এ মৌসুমে প্রণোদনা দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্যে দেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা ও সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ি ব্লকের কৃষক জগৎ চন্দ্র চাকমা।