রাঙামাটির পাঁচটি উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবিতে স্মারকলিপি
রাঙামাটি জেলার পাঁচ উপজেলার মডেল উচ্চবিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন শিক্ষকেরা। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন তাঁরা।
উচ্চবিদ্যালয়গুলো হলো: নানিয়ারচর উচ্চবিদ্যালয়, বিলাইছড়ি উচ্চবিদ্যালয়, বরকল উচ্চবিদ্যালয়, কাউখালী পোয়াপাড়া উচ্চবিদ্যালয় ও বাঘাইছড়ি কাচালং উচ্চবিদ্যালয়।
মডেল উচ্চবিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি ও নানিয়ারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা বলেন, সরকারি করার দাবি জানানো বিদ্যালয়গুলো স্ব স্ব উপজেলায় শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু এসব বিদ্যালয় জাতীয়করণ না করায় নানা অসুবিধা ও সীমাবদ্ধতার মধ্যে শিক্ষা কার্যক্রম চলছে।
শিক্ষকেরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। এ ছাড়াও পশ্চাত্পদ পার্বত্য চট্টগ্রামের মানুষকে দেশের মূল স্রোতোধারায় নিয়ে আসতে সরকারের যে চেষ্টা তা সফল হতে পারে শিক্ষা বিস্তারের মাধ্যমে।