রাঙামাটির পাহাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেঘ হলো নদীর সন্তান, সূর্য তার পিতা, নদীর লাবণ্য ছেনে নীল মখমলে রেখেছে সে পা।’ কবিতায় রচিত এই অনিন্দ্যসুন্দর পটভূমি মনে করিয়ে দেয় মেঘ আর পাহাড়ঘেরা রাঙামাটির কথা। মনে পড়ে যায় নীল মখমলের মতো পাহাড়সারির মাঝ দিয়ে বয়ে চলা হ্রদ, পাহাড়ি ঝরনার অবিরল কলকল ধ্বনি। আর আদিবাসীদের আদি অকৃত্রিম জীবনধারা।পাহাড়ের এই ‘ঝরনাতলার নির্জনে’ হারিয়ে যেতে হলে তাই আসতেই হবে রাঙামাটিতে।কীভাবে যাবেন: চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড়ে আসতে হবে রাঙামাটির বাস পেতে হলে। লোকাল ও পাহাড়িকা সার্ভিসের ভাড়া ৭৫ থেকে ১০০ টাকা। দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে পৌঁছাতে। বাস চলতে শুরু করার ঘণ্টা দেড়েক পরই দৃশ্যপটে হাজির হবে পাহাড়। চড়াই-উতরাই পার হতে হতে হঠাৎ চোখে পড়তে পারে পিঠে থুরং (এক ধরনের ঝুড়ি) বেঁধে চলছে কোনো পাহাড়ি নারী কিংবা ছায়াঘেরা মাচাং ঘর। তবে এসবই বাড়তি পাওনা। আসল বিস্ময় অপেক্ষা করছে রাঙামাটিতে।কোথায় থাকবেন: রাঙামাটির পর্যটন করপোরেশনের মোটেল আছে শহরের তবলছড়ি এলাকায়। সেখানে থাকা ও খাওয়ার বন্দোবস্ত আছে। থাকতে পারেন বেসরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা পর্যটন রিসোর্টগুলোতেও। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে রয়েছে হোটেল ও মোটেল। বনরূপা ও রিজার্ভ বাজারে ৩০০ থেকে ৬০০ টাকায় নন এসি সিঙ্গেল ও ডাবল রুম পেতে পারেন।শহরে কোথায় বেড়াবেন, কী দেখবেন: কাপ্তাই হ্রদের ওপর এক খণ্ড ভাসমান দ্বীপের মতো শৈল শহর রাঙামাটি। রাঙামাটির প্রধান আকর্ষণ এই হ্রদ। হ্রদে ভ্রমণের আগে অবশ্য ঘুরে দেখতে পারেন শহরটা। ঘুরতে পারেন বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়ি ও আসাম বস্তির আদিবাসীপাড়া, বাজার ও হস্তশিল্পের দোকানে। তবে যেখানেই যান, কিছুক্ষণ পর পর চোখে পড়বে হ্রদ। তবলছড়ির পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতু ঘুরে দেখতে ভুলবেন না। যেতে পারেন বৌদ্ধধর্মাবলম্বীদের তীর্থস্থান রাঙামাটি রাজবন বিহার এলাকায়। প্রায় ২০ একর এলাকাজুড়ে শান্ত-স্নিগ্ধ রাজবন বিহারে রয়েছে বৌদ্ধরীতি ও আধুনিক স্থাপত্যের সংমিশ্রণে তৈরি বৌদ্ধবিহার। রাঙামাটি শহরের প্রবেশপথে ভেদভেদি পুলিশ চেকপোস্ট পার হলে আধুনিক স্থাপত্যে নির্মিত যে দালান দেখবেন, সেটি রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী (আদিবাসী) সাংস্কৃতিক ইনস্টিটিউট জাদুঘর। সেখানে রয়েছে আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতির অনেক নিদর্শন। দর্শনার্থীদের দেখার সুযোগ মিলবে পার্বত্য চট্টগ্রামের চাকমা, বোমাং ও মং সার্কেলের রাজপরিবারের সদস্যদের ব্যবহূত রাজকীয় পোশাক, তলোয়ার, কামান, তৈজসপত্র ও দলিল দস্তাবেজ।হ্রদে ভ্রমণ: রাঙামাটির রিজার্ভ বাজারঘাট থেকে প্রতিদিন সকালে লংগদু, মারিস্যা, নানিয়ার চর, বরকল ও জুরাছড়ির উদ্দেশে লঞ্চ ছেড়ে যায়। হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন যেকোনো রুটে। কম খরচে হ্রদ ভ্রমণের এটাই সবচেয়ে সহজ উপায়। এ ছাড়া দু-চার ঘণ্টা সময় নিয়ে নৌপথে যেতে পারেন সুবলং ঝরনায়। হ্রদে ভ্রমণের সময় চোখে পড়বে দুই পাশে খাড়া পাহাড়। ছবির মতো আদিবাসীদের গ্রামগুলো আপনাকে হাতছানি দেবে। পানকৌড়ি, বক ও ডুবুরি পাখিসহ দেখা মিলবে বহু ধরনের পাখি। দ্বীপের মতো জেগে থাকা পাহাড়ের শীর্ষে ছায়াঘেরা মাচাং মন ভরিয়ে দেবে।জলপথে রাঙামাটির সবচেয়ে কাছে সুবলং। এখানে রয়েছে দুটি ঝরনা—একটি বড় ও অন্যটি ছোট। ছোট ঝরনায় যেতে কোনো দর্শনীর প্রয়োজন নেই। বড় ঝরনায় যেতে হবে দর্শনীর বিনিময়ে। এই পথে পড়বে বেসরকারি তিনটি পর্যটন স্পট—পেদা টিং টিং (পেট ভরে খাওয়া), চাং পাং (চাই পাই) ও টুক টুক ইকো ভিলেজ। এসব স্পটের কোনো কোনোটিতে থাকার ব্যবস্থা আছে। আদিবাসী রান্নার স্বাদ পেতে চাইলে নেমে পড়তে পারেন যেকোনোটিতে। খেতে খেতে উপভোগ করতে পারেন হ্রদের সৌন্দর্য।ইতিহাস দেখা: রাঙামাটি শহর থেকে নৌপথে প্রায় ১৫ কিলোমিটার দূরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় স্বচ্ছ জলরাশিবেষ্টিত ছোট একটি দ্বীপে রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে। সম্প্রতি সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সাপছড়ি ইউনিয়নে নির্মাণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের ভাস্কর্য। সেখানে তুলে ধরা হয়েছে বীরশ্রেষ্ঠের জীবনী। আসা-যাওয়ার পথে পাহাড়বেষ্টিত ওই স্থানে ঘুরতে পারেন।কিনতে পারেন আদিবাসী পোশাক: পরিবার বা কোনো ঘনিষ্ঠজনের জন্য নিয়ে যেতে পারেন আদিবাসীদের তাঁতে তৈরি পিনন-খাদি, চাদর, সালোয়ার-কামিজ, শাড়ি, ব্যাগ, পার্স, টেবিল ম্যাট। ৪০ থেকে ৫০ ধরনের সামগ্রী পাবেন শহরের তবলছড়ির সিদ্ধিভবন এলাকার আদিবাসী বস্ত্রের মার্কেটে। এ ছাড়া কাঁঠালতলীর কাকলী সিনেমা হল এলাকা, জজ আদালতের সামনে এবং স্টেডিয়াম এলাকার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কার্যালয়ের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রে কিনতে পারেন আদিবাসী পোশাক।পাহাড়ি খাবার: রাঙামাটি ঘুরতে এসে যদি একটু ভিন্ন স্বাদের আদিবাসীদের বিশেষ বিশেষ সুস্বাদু খাবার খেতে চান, তাহলে যেতে পারেন বেসরকারি পর্যটনকেন্দ্র চাং পাং (চাই পাই) ও পেদাটিং টিং পর্যটনকেন্দ্রে। এ ছাড়া শহর এলাকায় আদিবাসী খাবারের বেশ কটি রেস্তোরাঁ রয়েছে। তার মধ্যে রাজবাড়ি সড়কমুখে রয়েছে সাবারাং রেস্টুরেন্ট ও মেজাং, সদর হাসপাতাল সড়কমুখে কেবাং, দেবাশীষনগর এলাকায় থাই মার্ট।রাঙামাটিতে আসতে পারেন যেকোনো ঋতুতে। কারণ, প্রতি ঋতুতে রাঙামাটির সৌন্দর্য বদলে যায়, হয়ে ওঠে নতুন। আর দেরি কেন, চাকমা ভাষায় বলতে হয় ‘রাঙামাতিত্ বেরেচ্ চি’। অর্থাৎ, রাঙামাটিতে বেড়িয়ে যান।