রাঙামাটির বনরূপায় অটোরিকশার চালকদের দাপট: প্রশাসন নিষ্ক্রিয়
চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের বনরূপা চৌমুহনী এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। এ নিয়ে বিরক্ত রাঙামাটি সদরের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শহরের মূল কেন্দ্রের ৩৫০ থেকে ৪০০ গজ এলাকার এই স্থানটি রাঙামাটির একমাত্র যানজটপূর্ণ স্থান।পুলিশ সুপার যানজটের কথা স্বীকার করে বলেন, ‘শহরের অটোরিকশাচালকদের দাপটে ওই স্থানটিতে সব সময় যানজট লেগে থাকে।’সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনিক নিষ্ক্রিয়তায় ওই এলাকায় প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা, দোকানি ও শহরের বিভিন্ন স্থান থেকে বাজার করতে আসা লোকজন।সরেজমিনে দেখা গেছে, বনরূপা চৌমুহনীর পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক। এর সঙ্গে যুক্ত হয়ে উত্তর দিকে গেছে সমতাঘাট সড়ক। সড়ক ঘিরে রয়েছে বনরূপা কাঁচাবাজার, মাছ-মাংসের বাজার, কয়েকটি বিপণিকেন্দ্র, করাতকল, বেসরকারি ব্যাংক এবং আবাসিক এলাকা কাটাপাহাড় ও শশী দেওয়ানপাড়া।একইভাবে দক্ষিণ-পূর্ব দিকে গেছে বন বিভাগ সড়ক। ওই সড়কে রয়েছে বনরূপা কাঁচাবাজারের একটি অংশ, বন বিভাগের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ও বন বিভাগের কার্যালয়, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ফরেস্ট কলোনি, ট্রাইবেল আদাম, কৃষি সম্প্রসারণ বিভাগের আঞ্চলিক ও জেলা কার্যালয়।এ ছাড়া মহাসড়কের পাশে রয়েছে রাঙামাটির সবচেয়ে বড় মসজিদ বনরূপা জামে মসজিদ, বিএম মার্কেট, এসবি মার্কেট, পেট্রোল পাম্পসহ ছোটখাটো অনেক বিপণিবিতান। সামান্য দূরে রয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়, জেলা প্রশাসন কার্যালয় ও জেলা জজ আদালত।বনরূপা চৌমুহনীতে প্রতিদিন কমপক্ষে ৬০ থেকে ৭০ হাজার মানুষের পদচারণ হয় বলে স্থানীয় লোকজনের ধারণা।দেখা গেছে, মহাসড়কের প্রায় ৪০০ গজ এলাকার দুই পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৫০ থেকে ৩০০টি অটোরিকশা যাত্রীর অপেক্ষায় থাকে। এ ছাড়া করাতকল, বন বিভাগ কার্যালয় ও কাঁচাবাজারে আসা-যাওয়া করে কাঠ ও তরকারিবোঝাই বড় বড় ট্রাক। মহাসড়ক দিয়ে আসা-যাওয়া করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও পর্যটকদের যানবাহন।এ ছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বনরূপা চৌমুহনী এলাকা দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করতে হয়।ফরেস্ট কলোনির বাসিন্দা মো. ফয়জুর রহমান জানান, প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে ব্যস্ততম চৌমুহনী এলাকা পার হয়ে আসা-যাওয়া করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। দেওয়ানপাড়ার গৃহবধূ নিহারিকা চাকমা বলেন, ‘দুই ছেলেমেয়ের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয় চৌমুহনী পার হয়ে। সে কারণে তারা বাড়িতে না ফেরা পর্যন্ত উদ্বিগ্ন অবস্থায় থাকতে হয়।’চৌমুহনীর কয়েকজন দোকানি অভিযোগ করেন, অটোরিকশাচালকদের দাপট আর প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে চৌমুহনীতে জট লেগে থাকে। অটোরিকশাগুলো ওই স্থান থেকে সরিয়ে সামান্য দূরে অবস্থানের ব্যবস্থা করে দিলে চৌমুহনী যানজটমুক্ত হবে।যোগাযোগ করা হলে পুলিশ সুপার মাসুদ উল হাসান বলেন, ‘ওই এলাকা পার হতে আমার নিজেরও বিরক্ত লাগে। অটোরিকশাচালকদের দাপটে ট্রাফিক পুলিশেরও কিছুই করার থাকে না। আর কোনো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁরা ধর্মঘট করে বসবেন।’ তবে চৌমুহনীকে যানজটমুক্ত করতে শিগগির ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন, ‘আমারও ওই এলাকা দিয়ে আসা-যাওয়া করতে হয়। তবে সেখানে সারাক্ষণ জট লেগে থাকে।’ কয়েক দিন পর বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।