রাঙামাটির বাজারে হরিণের মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙমাটি শহরের বনরূপা বাজারে প্রায় সময় হরিণের মাংস বেচাকেনা হচ্ছে। রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান ও চট্টগ্রামের সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থান থেকে হরিণ শিকার করে বনরূপা বাজারে মাংস বিক্রি করা হয় বলে জানা গেছে। তবে বন বিভাগের কর্মকর্তারা হরিণ শিকার ও বিক্রির বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।বনরূপা বাজারের একাধিক সূত্রে জানা গেছে, হরিণের মাংস সচরাচর বাজারের মাংস বিক্রির গলি ও সমতাঘাট সড়কের মাঝামাঝি স্থানে বিক্রি করা হয়। দিনে অনেকটা লুকিয়ে বিক্রি করা হলেও সন্ধ্যায় বিক্রি করা হয় প্রকাশ্যে। দিনে পাশের কোনো একটি দোকানে মাংস লুকিয়ে রেখে বাজারে আসা লোকজনকে চুপি চুপি জানানো হয়। তারপর কেউ কিনতে চাইলে তাকে এনে দেওয়া হয়। মাংস বিক্রি হয় প্রতিকেজি ৫৫০ থেকে ৬৫০ টাকায়। গত সোমবার সন্ধ্যায় হরিণের মাংস বিক্রির খবর পেয়ে সমতাঘাট সড়কের মাঝামাঝি স্থানে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। ক্রেতা সেজে মাংসবিক্রেতা মো. ইসমাইলের সঙ্গে কথা বলে জানা যায়, বিক্রির জন্য হরিণটি শিকার করা হয়েছে কাপ্তাই জাতীয় উদ্যানে। তিনিসহ আরও কয়েক ব্যক্তি জানান, আদিবাসী বাঙালি সবাই হরিণ শিকার করে তাঁদের কাছে বিক্রি করে। তারপর তাঁরা বিভিন্ন পন্থায় মাংস বাজারে নিয়ে আসেন। মাংসের সঙ্গে হরিণের পা অথবা মাথা নিয়ে আসতে হয়। তা না হলে ক্রেতারা বিশ্বাস করেন না।এ সময় হরিণের মাথা দেখতে চাইলে বিক্রেতা ইসমাইল একটি ছোট বস্তা থেকে মাথা বের করে দেখান। এ সময় ছবি তুলতে চাইলে ইসমাইল মাংস ফেলে তাড়াতাড়ি ওই স্থান থেকে সরে যান। তখন অন্যরাও স্থান ত্যাগ করেন। এর আগে মাংস বিক্রেতারা জানান, রাঙামাটি জেলার বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি ও কাপ্তাই জাতীয় উদ্যান এবং চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বেশি হরিণ শিকার চলে। কাপ্তাই জাতীয় উদ্যানের ব্যবস্থাপনার দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের। ওই বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সুবেদার ইসলাম বলেন, কাপ্তাই জাতীয় উদ্যানে হরিণ শিকার এবং বাজারে হরিণের মাংস বিক্রির বিষয়টি কোনো দিন শোনেননি। এখন থেকে বন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হবে বলে জানান। পার্বত্য চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মো. ছানাউল্লাহ পাটওয়ারি জানান, পার্বত্য চট্টগ্রামে একসময় প্রচুর হরিণ থাকলেও এখন তেমন দেখা যায় না। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে সাম্বার ও মায়া এই দুই ধরনের হরিণ রয়েছে। এর মধ্যে সাম্বার অনেকটা গভীর জঙ্গলে থাকায় খুব একটা শিকারে পরিণত হয় না। অপর দিকে মায়া হরিণ থাকে লোকালয়ের আশপাশ এলাকায়। এ জাতের হরিণ সবচেয়ে বেশি শিকার করা হয়। সাম্বারের ওজন হয় পাঁচ থেকে সাত মণ এবং মায়া হরিণের ওজন হয় সর্বোচ্চ ১৫ থেকে ২০ কেজি। বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, যার হাতে মাংস পাওয়া যাবে, তিনিই দোষী। আর হরিণ হত্যার শাস্তি তিন বছর কারাদণ্ড।