রাঙামাটির রূপে মুগ্ধ বিশ্বভ্রমণকারীরা
বাংলাদেশের মানুষ অসম্ভব ভালো, উদার, হাসিখুশি আর অতিথিপরায়ণ। কাপ্তাই হ্রদ দেখে বিস্মিত ও মুগ্ধ হলাম। পৃথিবীর অনেক পর্যটকের কাছেই রাঙামাটির সৌন্দর্য এখনো অনাবিষ্কৃত। পর্যটনের বিপুল সম্ভাবনা আছে এখানে।ইউরোপ থেকে ৭০০ দিনের বিশ্ব ভ্রমণে বের হওয়া পর্যটক দলের সদস্য কার্টিয়াস মসেলি রাঙামাটি এসে এমনই উচ্ছ্বসিত মন্তব্য করলেন। গত রোববার বিদেশি পর্যটকদের দলটি রাঙামাটি এসে পৌঁছায়।‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্যুর’ কর্মসূচির অংশ হিসেবে জার্মানির পর্যটন প্রতিষ্ঠান অ্যাবেনটিউর ওসটিনের ব্যবস্থাপনায় জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি ও অস্ট্রিয়ার ৩৪ জন পর্যটক ১৭টি ক্যারাভ্যান গাড়ি নিয়ে বিশ্বভ্রমণে বের হন। পর্যটকের দলটি গত রোববার সকাল ১১টায় গাড়িবহর নিয়ে পাহাড়ি সড়ক দিয়ে রাঙামাটি শহরে প্রবেশ করে। এ সময় শহরের মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে গাড়িবহরকে স্বাগত জানায়।পর্যটকেরা রাঙামাটি পৌঁছে শহরের পুরোনো আদালত ভবনের মাঠে তাঁদের গাড়িগুলো রাখেন। পরে সেখান থেকে পর্যটন নৌযান কেয়ারি কর্ণফুলীতে চড়ে সুবলং যান। সুবলং থেকে ফিরে বিকেলে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা শহরবাসীকে নিজেদের শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।ইউরোপের তুরস্ক থেকে ৭০০ দিনের বিশ্বভ্রমণ শুরু করে পর্যটক দলটি। দলের প্রধান কোস্টিয়া বলেন, ‘আমরা বিশ্বশান্তি ও পরিবেশ রক্ষার প্রচারণার অংশ হিসেবে বিশ্বভ্রমণ করছি। এ ছাড়া বিভিন্ন দেশ ও এলাকার মানুষের রীতিনীতি, ঐতিহ্য জানাও এই ভ্রমণের উদ্দেশ্য। পার্বত্য চট্টগ্রাম সত্যি একটি সুন্দর জায়গা। নানা সম্প্রদায়ের মানুষের সংস্কৃতি এই এলাকাকে বিশিষ্ট করে তুলেছে। এমন একটি স্থান পর্যটনের জন্য আদর্শ।’উল্লেখ্য, এসকেপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় পর্যটক দলটি বাংলাদেশ ভ্রমণ করছে। এই সংস্থার ব্যবস্থাপক প্রমোদ বড়ুয়া বলেন, বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে উদ্বুদ্ধ করতে পর্যটক দলটি এখানে এসেছে। দলটির বাংলাদেশ ভ্রমণে সহায়তা করছে অর্থ মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়। সোমবার সকাল সাতটায় রাঙামাটি পুরোনো আদালত ভবন মাঠ থেকে বিশ্বভ্রমণকারীরা কুমিল্লার উদ্দেশে যাত্রা করেন।