রাঙামাটি-বান্দরবান সড়কের ২৫ স্থান ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি–বান্দরবান সড়কের নোয়াপাড়া এলাকায় সড়ক ভেঙে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে l প্রথম আলো
রাঙামাটি–বান্দরবান সড়কের নোয়াপাড়া এলাকায় সড়ক ভেঙে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে l প্রথম আলো

রাঙামাটি-বান্দরবান সড়কের ঘাগড়া-বড়ইছড়ি অংশের ১৮ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের এই অংশের ২৫টি স্থানে গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। এর ফলে যেকোনো মুহূর্তে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন যানবাহনের চালকেরা।
তবে সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন শাখার (ইসিবি) দায়িত্বশীল কর্মকর্তারা জানান, চলাচলের এই দুর্ভোগ সাময়িক। খুব শিগগিরই সড়কের সংস্কারকাজ শুরু হবে। ইসিবির কর্মকর্তারা আরও জানান, সড়কের সংস্কারকাজ চলছিল। বৃষ্টির কারণে এখন কাজ বন্ধ রাখতে হয়েছে। বৃষ্টি বন্ধ হলেই কাজ আবার শুরু হবে।
জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন বান্দরবান জেলা এবং রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ১০ থেকে ১২ হাজার মানুষ চলাচল করে। সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে কাপ্তাই ও রাজস্থলী এলাকার লোকজনকে চট্টগ্রাম হয়ে রাঙামাটি আসা–যাওয়া করতে হবে।
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং হ্লা চিং মারমা বলেন, সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এই পথে যাত্রীবাহী বাসও চলছে ঝুঁকি নিয়ে।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, সড়কের দেওয়ানপাড়া এলাকার অংশে কমপক্ষে ৫০০ ফুট স্থানে এক থেকে দেড় ফুট উচ্চতায় পানি জমে আছে। স্থানীয় লোকজন জানান, ওই স্থানে বর্ষায় পানি জমে থাকে। সড়কের ওই অংশ নিচু হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়ে বলে তাঁরা জানান।
বগাপাড়া এলাকায় কমপক্ষে ১০০ ফুট দীর্ঘ স্থানে সড়কের কিছু অংশ ধসে প্রায় ৪০ ফুট নিচে পড়েছে। তম্বপাড়া এলাকায়ও কমপক্ষে ১৫০ ফুট স্থানে মাটি ধসে সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। দুর্ঘটনা রোধে সড়কের ভাঙনের অংশে বালু ও কঙ্কর ভর্তি বস্তা ফেলা হয়েছে। মুরালিপাড়া বিজিবি ক্যাম্প এলাকায় কমপক্ষে পাঁচটি স্থানে সড়কের মাঝখানে বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমেছে।
কয়েকজন বাসচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটি শিগগির সংস্কার করা না হলে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। কারণ রাস্তা খারাপ থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
১৯ ইসিবির অধিনায়ক কর্নেল মো. তানভীর বলেন, সড়ক সংস্কারের কাজ শুরু করেও বৃষ্টির কারণে বন্ধ করতে হয়েছে। সড়কটি সংস্কারের জন্য ঠিকাদার বাছাই শেষ হয়েছে। বৃষ্টি বন্ধ হলেই কাজ শুরু হবে।