রাঙ্গুনিয়া পৌরসভার সাড়ে ছয় কোটি টাকার বাজেট ঘোষণা
রাঙ্গুনিয়া পৌরসভার ২০১১-১২ অর্থবছরের জন্য ছয় কোটি ৫০ লাখ ২১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রাঙ্গুনিয়ার পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী গত ৩১ জুলাই পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী। বাজেটে আয়ের খাত হিসেবে দেখানো হয়েছে কর আদায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা, রেইটস তিন লাখ পাঁচ হাজার, ফি তিন লাখ ৬০ হাজার, অন্যান্য আয় ৭০ লাখ ৩৫ হাজার এবং উন্নয়ন খাতে মঞ্জুরি চার কোটি ২০ লাখ টাকা। প্রারম্ভিক স্থিতি এক কোটি ১৭ লাখ ৪১ হাজার টাকা।ব্যয়ের খাত হিসেবে দেখানো হয়েছে সাধারণ সংস্থাপন ৮৪ লাখ ৩১ হাজার টাকা, শিক্ষা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ এক লাখ ৬৫ হাজার, স্বাস্থ্য ছয় লাখ ৮৪ হাজার, কর আদায় খরচ এক লাখ ২৫ হাজার, অন্যান্য পাঁচ লাখ ৫৫ হাজার এবং উন্নয়ন খাতে মঞ্জুুরি পাঁচ কোটি টাকা। সমাপনী স্থিতি ৫০ লাখ ৬৩ হাজার টাকা। পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেন, ‘সরকারের দেওয়া উন্নয়ন সহায়তা মঞ্জুরি ও বিশেষ বরাদ্দের ওপর ভিত্তি করে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।’ প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।