রাঙ্গুনিয়ার প্রত্যন্ত এলাকায় শীতের কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন অভাবী মানুষেরা। তাঁরা এখন গরম কাপড় ভিক্ষা করছেন। পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, শীতের কামড় থেকে বাঁচতে দরিদ্র পরিবারের মানুষ গ্রামগঞ্জে গরম কাপড় ভিক্ষা করছেন। ইউনিয়নের সুখবিলাস গ্রামের ষাটোর্ধ্ব অনিমা দেবী গত ২৯ ডিসেম্বর দুপুরে পশ্চিম খুরুশিয়া গ্রামে চাল ভিক্ষার পাশাপাশি গরম কাপড়ও ভিক্ষা করেন। সরফভাটার হনুফা বেগম (৪৫) জানান, ‘গরম কাপড়ের অভাবে দিনের বেলা ঘর থেকে বাইরে যেতে পারি না। চটের বস্তা গায়ে দিয়ে রাত কাটাই।’ স্বনির্ভর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের খুকী বৈদ্য (৬২) জানান, ‘গরম কাপড়ের অভাবে কয়েক দিন ধরে শীতে কষ্ট পাচ্ছি।’রাঙ্গুনিয়ার মেয়র নুরুল আমিন তালুকদার জানান, পৌরসভার ৯ ওয়ার্ডের প্রায় ৪০০ পরিবারের এক হাজার এবং উপজেলার ১৫ ইউনিয়নের প্রায় ১৩ হাজার পরিবারের ৩২ হাজার মানুষ গরম কাপড়ের অভাবে শীতে কষ্ট পাচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘রাঙ্গুনিয়ায় সরকারিভাবে মাত্র ১১৮টি শীতের কম্বল এসেছে। যা মোটেও পর্যাপ্ত নয়। এ অবস্থায় শীতের কাপড় নিয়ে এলাকার দানশীল ব্যক্তিরা এগিয়ে না এলে অসহায় পরিবারগুলোর দুর্ভোগের সীমা থাকবে না।’