রাঙ্গুনিয়ার আবাসন প্রকল্পে পুনর্বাসিতদের বঞ্চনার সাতকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিপাসা মেটানোর জন্য বিশুদ্ধ পানি নেই। নেই বিদ্যুৎ। চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরতে হয় রোগীদের। পাহাড়ের কোল বেয়ে ঝোপঝাড় মাড়িয়ে আসা-যাওয়া করতে হয়। প্রায় সময় লেগে থাকে কাজের অভাব। জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন অধিকাংশ মানুষ। সম্প্রতি রাঙ্গুনিয়ার আবাসন প্রকল্পগুলোতে দেখা গেছে এমন দুর্ভোগের চিত্র। উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৯৮৭ সালে সরফভাটা, বেতাগি, পারুয়া ও স্বনির্ভর ইউনিয়নের পাহাড়ি এলাকায় চারটি গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ২৮৫টি নদীভাঙা পরিবারকে পুনর্বাসন করে। চট্টগ্রাম সেনানিবাসের ৩৪ এ টি ব্যাটালিয়নের সদস্যরা প্রকল্পগুলোতে ব্যারাকভিত্তিক ঘর নির্মাণ করে। ২৪ ফুট দৈর্ঘ্য ও নয় ফুট প্রস্থের প্রতিটি ব্যারাক পাকা খুঁটি, লোহার কাঠামো ও টিনের ছাউনি দিয়ে তৈরি। প্রতি ব্যারাকে পুনর্বাসন করা হয় ১০ পরিবার। শুরুতে স্থাপন করা হয় একটি নলকূপ ও একটি করে স্বাস্থ্যসম্মত শৌচাগার। দীর্ঘদিন সংস্কার না করায় এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রকল্পের বাসিন্দারা জানান, গত ২৩ বছরে ক্ষমতার পালাবদলের সঙ্গে গুচ্ছগ্রাম নাম পরিবর্তন হয়ে একবার আদর্শ গ্রাম এবং বর্তমানে আবাসন প্রকল্প হয়েছে। অথচ প্রকল্পের ঘরসহ অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। শৌচাগারের অভাবে বাসিন্দারা মলমূত্র ত্যাগ করেন পাহাড়ের ঝোপঝাড়ে। নলকূপ না থাকায় পাহাড়ি ছড়ার পানি পান করে বছরের প্রায় সময় ডায়রিয়া, আমাশয়, জন্ডিসসহ নানা রকম পেটের পীড়ায় ভোগেন বাসিন্দারা। চিকিৎসার জন্য নির্ভর করেন ঝাড়ফুঁক বা হাতুড়ে বৈদ্যের ওপর। সরফভাটা আবাসন প্রকল্পের বাসিন্দা ফোরক আহমদ জানান, ১৯৮৭ সালের পর থেকে সরকারিভাবে কোনো উন্নয়ন দেখা যায়নি তাঁদের প্রকল্পে। একটি মাত্র নলকূপ বসানো হলেও এক কলস পানি তুলতে ৩০-৪০ মিনিট সময় লাগে। সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় প্রকল্পের অধিকাংশ শিশু নিরক্ষর রয়ে গেছে। ভিজিডি, ভিজিএফ, কৃষি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি থেকেও বঞ্চিত প্রকল্পের বাসিন্দারা। বেতাগি আবাসন প্রকল্পের রফিকুল ইসলাম জানান, ‘চকচকে টিনের ঘর পেয়ে আমরা প্রথম দিকে বামনের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছিলাম। কিন্তু বছরের পর বছর অবহেলার শিকার হয়ে বর্তমানে দুর্বিষহ জীবনযাপন করছি। কাজের সুযোগ সৃষ্টি না হওয়ায় আমার মতো অনেককে ভ্যান ও রিকশা চালিয়ে কিংবা কখনো দিনমজুরি করে জীবন চালাতে হচ্ছে। তবে বর্ষাকালে বেশির ভাগ সময় এসব কাজের সুযোগও না থাকায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয়।’স্বনির্ভর ইউনিয়নের আবাসন প্রকল্পের খোরশেদ আলম জানান, পুনর্বাসিতদের হাতেগোনা কয়েকজন ছাড়া বাকিদের বরাদ্দ করা জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি। তাই সীমানা জটিলতার কারণে ঝগড়া-বিবাদ ও মারামারি লেগেই আছে বাসিন্দাদের মধ্যে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘কান্না না করলে মা-ও নাকি শিশুকে দুধ দেন না। আসলে আবাসন প্রকল্পগুলোর উন্নয়নের জন্য কান্না করার লোকের অভাব ছিল। ফলে প্রকল্পগুলোর প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বলতে গেলে ন্যূনতম মৌলিক অধিকার থেকেও বঞ্চিত রয়েছেন পুনর্বাসিতরা । তবে এখন থেকে যথাযথ উন্নয়নের দিকে নজর রাখা হবে। নলকূপ, শৌচাগারসহ অন্য সুযোগ-সুবিধার উদ্যোগ নেওয়া হবে।’