রাঙ্গুনিয়ার কুরমাই খাল এখন আবর্জনার ভাগাড়!
রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকার কুরমাই খাল এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। বছরের পর বছর খালের পাড়ের মানুষ এখানে খড়কুটা, ধূলাবালি, কাচ, হাড়ভাঙা, মরা কুকুর, বিড়াল ও মলমূত্র ফেলে আসছে। এতে খালটি ভরাট হয়ে যেতে থাকে। খাল থেকে নির্গত আবর্জনার দুর্গন্ধে যেমন পথচলা দায় তেমনি দূষিত পরিবেশের কারণে ডায়রিয়া, আমাশয়সহ নানা অসুখে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। ইছামতি নদী থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম শষ্যভাণ্ডার গুমাই বিলে পানি সেচ দেওয়ার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ১৯৮০ সালে কুরমাই খাল খনন করে। খালটি বর্তমান মুরাদনগর পৌর এলাকার অর্ধ কিলোমিটার ও কুলকুরমাই পৌর এলাকার এক দশমিক পাঁচ কিলোমিটার অংশজুড়ে বিস্তৃত। ইছামতি নদীর সংযোগস্থল থেকে গুমাই বিলের মাঝ দিয়ে খালটি চন্দ্রঘোনা ইউনিয়নের কাটাখালি হাশেম খালের সঙ্গে মিলিত হয়। তখন থেকে খালটি গুমাই বিলে পানি সরবরাহের কাজে ব্যবহূত হচ্ছে। বিশেষ করে বোরো চাষাবাদের সময় ১৪ স্কিমের মাধ্যমে সেচযন্ত্র দিয়ে এই খাল থেকে সেচ দেওয়া হয়। পাউবোর রাঙ্গুনিয়া কার্যালয় পানি সরবরাহ ব্যবস্থা তদারকি করে। কিন্তু পাউবোর কর্মকর্তাদের প্রয়োজনীয় তদারকির অভাব ও অবহেলায় খালটি দিনের পর দিন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। এতে গুমাই বিলের সেচ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইলিয়াছ জানান, কুরমাই খাল খনন হওয়ার পর থেকে খালের দুই পাড়ের বাসিন্দারা এখানে আবর্জনা ফেলে আসছে। বিশেষ করে খড়কুটা, ধূলাবালি, কাচভাঙা, হাড়ভাঙা, ছেঁড়া কাপড়, পলিথিন, মরা গরু, ছাগল, বিড়াল, কুকুর, হাট-বাজারের পচা আবর্জনা এমনকি মলমূত্রও খালে ফেলা হচ্ছে। মুরাদনগর পৌর এলাকার কৃষক রেজাউল করিম জানান, ‘১০ বছর ধরে খালটি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আসছে। ২০০৮ সালে শুষ্ক মৌসুমে পাউবো গুমাই বিলে সেচ দেওয়ার জন্য খালটি খনন করলেও তলা থেকে মাটি কাটা হয়নি। খালের দুই পাড়ে ঘাস পরিষ্কার করেই খনন কাজ শেষ করা হয়েছে। ফলে পুনরায় ফেলা আবর্জনায় খালটি আবার ভরে উঠেছে। এখন ইছামতি নদী থেকে এ খালে কোনো পানি ঢোকে না।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস জানান, ‘খোলা পায়খানায় মলমূত্র ত্যাগ এবং ময়লা-আবর্জনার কারণে মুরাদনগর পৌর এলাকার মানুষ প্রায় সময় ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, কলেরা ও খোস-পাঁচড়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সা নিতে আসেন।’ রাঙ্গুনিয়া পৌর মেয়র নুরুল আমিন তালুকদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘খালটির ওপর থেকে পায়খানা তুলে নেওয়ার জন্য এবং খালে মলমূত্র ও ময়লা-আবর্জনা না ফেলার জন্য খালপাড়ের বাসিন্দাদের মৌখিকভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। পাউবো রাঙ্গুনিয়া কার্যালয়ের প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর বলেন, ‘খালের আবর্জনা ও মলমূত্র ফেলা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’