রাঙ্গুনিয়ার পাঁচ ইটভাটা থেকে জ্বালানি কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় পাঁচটি ইটভাটা থেকে বিপুল পরিমাণ জ্বালানি কাঠ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তারা ৯ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করেন। এসব কাঠের মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা বলে বন বিভাগ সূত্র জানায়।চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতী রেঞ্জের বিট কর্মকর্তা আবুল কালাম জানান, ১ ফেব্রুয়ারি প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামে ‘অর্ধশতাধিক ইটভাটায় পুড়ছে কাঠ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন বন বিভাগের নজরে এসেছে। ফলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়। উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মমিনুর রশিদ অভিযানে নেতৃত্ব দেন। ইছামতী রেঞ্জ কর্মকর্তা আমির হামজা জানান, অভিযানে ইসলামপুর ইউনিয়নের মগাইছড়ি এলাকার মেসার্স মুছা ব্রিকস, এমইউসি, এসবিআই, এমএমসি ও এলআরবি-১ নামের ইটভাটা থেকে ইট পোড়ানোর জন্য মজুদ করা প্রায় দুই হাজার ১০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। ইটভাটাগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে। সহকারী বনসংরক্ষক মমিনুর রশিদ বলেন, ‘বন ও পরিবেশ আইন লঙ্ঘন করে কাঠ দিয়ে ইট পুড়িয়ে পরিবেশ ধ্বংসের কর্মকাণ্ড রোধে এ অভিযান অব্যাহত থাকবে।’