রাঙ্গুনিয়ার পাহাড়ে বাড়ছে রোহিঙ্গা বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে রাঙ্গুনিয়ায় দলে দলে ছুটে আসছেন রোহিঙ্গারা। পৌনে তিন বছরে দুই হাজারের বেশি রোহিঙ্গা পরিবার উপজেলার বিভিন্ন এলাকার সংরক্ষিত বনাঞ্চলে বসতি গড়ে তুলছেন। তাঁদের অনেকে গত নির্বাচনের সময় এলাকায় ভোটার হয়েছেন, এমনকি জাতীয় পরিচয়পত্রও সংগ্রহ করেছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, রোহিঙ্গারা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও বনাঞ্চল উজাড়ের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এতে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন। একাধিক সূত্র জানায়, ২০০৮ সালের শুরুর দিকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের আওতাধীন পদুয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা খাজার টিলায় ১৫-১৬টি রোহিঙ্গা পরিবার বসতি গড়ে তোলে। বর্তমানে সেখানে প্রায় ৫০টি রোহিঙ্গা পরিবার বাস করছে। এর পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকায় দফায় দফায় রোহিঙ্গারা আসতে থাকেন। বর্তমানে চন্দ্রঘোনা, রাজানগর, ইসলামপুর, লালানগর, হোছনাবাদ, পোমরা, শিলক, সরফভাটা, কোদালা ও বেতাগি ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় দুই হাজারের বেশি রোহিঙ্গা পরিবার বসবাস করছে। জানা গেছে, বর্তমানে পদুয়া ইউনিয়নের কমলাছড়ি, পশ্চিম খুরুশিয়া, দুধপুকুরিয়া, নাপিত পুকুরিয়া, ফলাহারিয়া, রাজভিলা, উদলবুনিয়া ও ছাগলখাইয়্যা পাহাড়ি এলাকায় তিন শতাধিক রোহিঙ্গা পরিবার বাস করছে। পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ২০০৮ সালের শুরু থেকে পদুয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় রোহিঙ্গারা বসতি গড়তে শুরু করেন। প্রায় ৩০-৩২ জন রোহিঙ্গা গত সংসদ নির্বাচনের আগে ভোটারও হয়েছেন। ভোটার তালিকা অনুযায়ী জাতীয়তা সনদও সংগ্রহ করেছেন তাঁরা। খাজা টিলায় বসবাসরত আবদুর রহিম গত সংসদ নির্বাচনে ভোট দেওয়া এবং নাগরিক সনদ নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার জন্য ভোটার তালিকা অনুযায়ী সনদ সংগ্রহ করেছি।’ ইউপি চেয়ারম্যান বলেন, ‘রোহিঙ্গারা পাহাড় কেটে বসতঘর নির্মাণ করায় ওই এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে গরু চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ বেড়েছে। রোহিঙ্গারা এতই বেপরোয়া যে, তাঁদের ভয়ে এলাকার মানুষ কথা বলার সাহস পান না। ফলে তাঁদের নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন।’ বিষয়টি উপজেলা সমন্বয় কমিটির সভায় তোলা হয়েছে বলে তিনি জানান।খাজা টিলা এলাকা পরিদর্শনের সময় কথা হয় কয়েকটি রোহিঙ্গা পরিবারের লোকজনের সঙ্গে। তাঁদের কেউ সাতকানিয়া, কেউ চকরিয়া, কেউ উখিয়া কিংবা টেকনাফ থেকে এসেছেন বলে জানান। তবে তাঁরা বিভিন্ন সময় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা বলে স্বীকার করেন। টেকনাফ থেকে আসা মাওলানা ছমিউদ্দিন (৪৭) জানান, তিনি কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ছিলেন। সেখান থেকে পালিয়ে এসে প্রথমে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে আশ্রয় নেন। চার মাস আগে পদুয়া ইউনিয়নের খাজা টিলা এলাকায় এসেছেন। এখানে পাহাড়ের মাটি দিয়ে দেয়াল ও বনের গাছ, বাঁশ ও শণ দিয়ে ঘর বানিয়ে বাস করছেন। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আজগর জানান, বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের আওতাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রাম পাহাড়ি এলাকায় ৪০-৪৫ জন রোহিঙ্গা ঘর তৈরি করে পরিবার নিয়ে বাস করছেন। রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, বন বিভাগের ইছামতি রেঞ্জের আওতাধীন রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি, বগাবিলি ও দক্ষিণ রাজানগরের পাহাড়ি এলাকায় গত পাঁচ-ছয় মাসে অর্ধশতাধিক রোহিঙ্গা বসতি গড়ে উঠেছে। কক্সবাজারের টেকনাফ থেকে এসব রোহিঙ্গা এসেছেন বলে তিনি জানান। রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র নুরুল আলম তালুকদার জানান, পৌরসদরের ইছাখালি এলাকায়ও প্রায় সাত-আটটি রোহিঙ্গা পরিবার বাস করছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক মাকসুদ আলম বলেন, ‘রোহিঙ্গারা টেকনাফ শরণার্থী শিবির থেকে রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার খবর পেয়েছি। কিন্তু সংরক্ষিত বনের ভেতর বসতি গড়ে তোলার বিষয়ে এখনো জানতে পারিনি। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘গত জুনে উপজেলার মাসিক সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে রোহিঙ্গাদের বসতি সম্পর্কে তালিকা চাওয়া হয়েছে। এরপর এ পর্যন্ত মাসিক সমন্বয় সভা না হওয়ায় চেয়ারম্যানেরা তালিকা দেননি। তবে চেয়ারম্যানদের সঙ্গে আলাপ করে রাঙ্গুনিয়ায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’