রাঙ্গুনিয়ার মিষ্টিপানের কদর
রাঙ্গুনিয়ার মিষ্টিপানের কদর এখন দেশের সবখানে। উপজেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত এসব পান সরবরাহ করা হচ্ছে চট্টগ্রাম শহরসহ সারা দেশে। পানের চাহিদা বাড়ায় পানচাষির সংখ্যাও বাড়ছে। মরিয়মনগর ইউনিয়নের মরমপাড়া গ্রামের পানচাষি খায়রুল বশর (৫৬) বলেন, ‘নব্বইয়ের দশক থেকে রাঙ্গুনিয়ার মিষ্টিপানের সুনাম ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম শহরের ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে পান কিনে সারা দেশে বিক্রি করায় চাহিদা বাড়তে থাকে। এতে লাভের মুখ দেখেন চাষিরা।’চাষিরা জানান, রাঙ্গুনিয়ায় প্রায় এক হাজার ৪০০ একর জমিতে পান চাষ হচ্ছে। সাত ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবার পান চাষে জড়িত। এর মধ্যে মরিয়মনগর ইউনিয়নের রশিদিয়া পাড়া, পাঁচবাড়ি, বালুগোট্টা, মরমপাড়া, সওদাগরপাড়া ও চন্দ্রঘোনা ইউনিয়নের কাটাখালী গ্রামের প্রায় ৬০০ একরেরও বেশি জমিতে পানের চাষ হয়। এ ছাড়া হোসনাবাদ, রাজানগর, লালানগর, পারুয়া ও স্বনির্ভর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় পানের বরজ রয়েছে।চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নের কাটাখালী গ্রামের পানচাষি আহমদ সফুর (৪৭) বলেন, ‘পানের চারা একবার রোপণ করলে কমপক্ষে চার থেকে পাঁচ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। প্রতিবছর গোবর, খৈল, ইউরিয়া, টিএসপি ও পটাশ সার প্রয়োগ করা হয়। সব মিলিয়ে আমার ৬০ শতক জমির পান চাষে প্রতিবছর খরচ হয় ৬০ থেকে ৬৫ হাজার টাকা। খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকারও বেশি লাভ থাকে।’ রাঙ্গুনিয়া পৌর এলাকার রোয়াজার হাট থেকে সম্প্রতি পান কিনতে আসা চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারের পানের ব্যবসায়ী মো. হারুন (৩৯) জানান, রাঙ্গুনিয়ার মিষ্টিপানের চাহিদা এখন দেশজুড়ে। রিয়াজউদ্দিন বাজার থেকে এ পান ঢাকা, সিলেট, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বড় বড় শহরের ব্যবসায়ীরা পাইকারি হিসাবে কিনে নিয়ে যান। ওহাব মিয়া (৫১), বশির আহমদ (৩৪), আবদুল করিম (৪৩) ও এরশাদুর রহমান (৩৭) জানান, পাঁচ থেকে ছয় বছর ধরে রাঙ্গুনিয়ায় পানের চাষ বেড়েছে। স্থানীয় বেকার যুবক ও নারীরা অনেকে পানের চাষে ঝুঁকছে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, ‘দেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী ও রাজশাহী জেলায় বাংলা, ছাঁচি, লালিপ, করপুরীসহ নানা জাতের পানের চাষ হলেও রাঙ্গুনিয়ায় চাষিরা শুধু মিষ্টিপান চাষ করেন। কর্ণফুলী ও ইছামতী নদীর তীরবর্তী জমি বেলে ও দো-আঁশ মাটি হওয়ায় এ পানের ফলন ভালো হয়। ফলে পান চাষে চাষিদের আগ্রহ বাড়ছে।’