রাঙ্গুনিয়ার রাজবাড়ি এখন আগাছার বাগান
রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাকমা রাজার বাড়ি (রাজবাড়ি) এখন রীতিমতো আগাছার বাগানে পরিণত হয়েছে। ঝোপঝাড়ে নিশ্চিহ্ন হওয়ার পথে ২০০ বছরের পুরোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি। এটি সংস্কারের মাধ্যমে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। রাজানগর ইউনিয়নের রাজাভুবন গ্রামের প্রবীণ বাসিন্দা মাওলানা সুলতান আহমদসহ এলাকাবাসীর বর্ণনামতে এবং চাকমা রাজার বংশধরদের কাছে রক্ষিত ডায়েরি থেকে জানা যায়, মোগল বংশধর সেরমুর্ত খাঁ ১৭৩৭ সালে রাজানগর ইউনিয়নের রাজাভুবন গ্রামে সর্বপ্রথম রাজত্ব প্রতিষ্ঠা করেন। ১৭৫৭ সালে তাঁর মৃত্যুর পর চাকমা রাজা শুকদেব রায় রাজত্ব শুরু করেন। শুকদেব রায় ছিলেন সেরমুর্ত খাঁর পোষ্যপুত্র। রাজ্য পরিচালনায় শুকদেব রায় রাজানগর ইউনিয়নের রাজাভুবন গ্রামে প্রাসাদ গড়ে তোলেন। এ ছাড়া গড়ে তোলেন সৈন্যশালা ও বন্দিশালা। তাঁর রাজ্যসীমা ছিল উত্তরে ফেনী, দক্ষিণে শঙ্খ নদী, পূর্বে লুসাই পাহাড়, পশ্চিমে নিজামপুর (বর্তমানে ঢাকা ট্রাঙ্ক রোড) সড়ক। সেই সময় আরাকানিদের অত্যাচারে তিনি মোগল নবাবের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। তখন চট্টগ্রামের নবাব ছিলেন জুলকদর খাঁ। রাজা শুকদেব রায়ের কোনো সন্তান ছিল না। ফলে শুকদেব রায়ের মৃত্যুর পর রাজবাড়িটি অযত্ন-অবহেলায় ভুতুড়ে বাড়িতে পরিণত হয় । সরেজমিনে দেখা গেছে, ইট-সিমেন্টে গড়া লোহাবিহীন রাজপ্রাসাদটি ক্ষয়ে ক্ষয়ে বিবর্ণ হয়ে পড়েছে। রোদের খরতাপে শুকিয়ে আবার বৃষ্টির পানিতে ধুয়ে প্রাসাদটি নড়বড়ে হয়ে পড়েছে। কালক্রমে খসে পড়ে ছাদ। ধীরে ধীরে জন্মায় নানা রকম আগাছা ও তরুলতা। ঝোপঝাড়ে ঢাকা পড়ে ঐতিহাসিক প্রত্ননিদর্শনটি। অথচ সরকার প্রাসাদটি প্রত্ননিদর্শন হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয়নি কোনো সময়। চাকমা রাজার বংশধর হিসেবে প্রমতোষ চাকমা ২০ বছর ধরে রাজপ্রসাদটি আঁকড়ে পড়ে আছেন। প্রমতোষ চাকমা জানান, ১৭৭৬ সালে রাজা শুকদেব রায়ের মৃত্যুর পর তাঁদের বংশধর শের দৌলত খাঁ রাজ্যভার গ্রহণ করলেও রাঙামাটি পার্বত্য জেলার রাজবাড়িতে রাজত্ব স্থানান্তর করেন তিনি। সেই থেকে দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন গ্রামের রাজপ্রাসাদ, সৈন্যশালা ও বন্দিশালা অব্যবহূত থাকে। চাকমা রাজার বংশধরেরা কালে কালে রাজপ্রাসাদ রক্ষায় প্রাণপণ চেষ্টা চালালেও যথাযথ সংরক্ষণের অভাবে প্রায় ধ্বংসাবশেষ হয়ে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, ২০০৭ সালে রাজা দেবাশীষ রায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগ পাওয়ার পর রাঙ্গুনিয়ার মানুষ আশা করেছিল রাজবাড়িকে ঘিরে দক্ষিণ রাজানগর ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া লাগবে। গড়ে উঠবে একটি পর্যটনকেন্দ্র। ২০০ বছরের পুরোনো এ প্রত্ননিদর্শনটি সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। ২০০৮ সালের মাঝামাঝিতে রাজা দেবাশীষ রায় সরকারিভাবে রাজবাড়ি এলাকা পরিদর্শনের সময় সংরক্ষণের কথা বলেছিলেন। দক্ষিণ রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মিয়া জানান, রাঙ্গুনিয়ার রাজবাড়ি চট্টগ্রাম শহর থেকে খুব বেশি দূরে নয়। চট্টগ্রাম-কাপ্তাই সড়কপথে ২৬ কিলোমিটার দূরত্বে পারুয়া সড়ক অথবা মরিয়মনগর চৌমুহনী সড়ক দিয়ে বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল যোগে ২০ মিনিটে রাজবাড়িতে পৌঁছানো যায়। এ অবস্থায় রাজবাড়িটি প্রত্ননির্দশন হিসেবে সংরক্ষণের সুযোগ আছে। রাজবাড়িকে ঘিরে পর্যটন থেকে রাজস্ব আয় বাড়ানোর সুযোগ আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ঐতিহাসিক নিদর্শন হিসেবে দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন গ্রামের চাকমা রাজার বাড়িটি সংরক্ষণ করা প্রয়োজন। বাড়িটি সংরক্ষণের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রত্ননির্দশন অধিদপ্তরে প্রতিবেদন পাঠাবেন বলে তিনি জানান।