রাঙ্গুনিয়ার সন্ত্রাসী ইসমাইল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার কুখ্যাত সন্ত্রাসী ও বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ক্যাডার ইসমাইল গ্রেপ্তার হয়েছে। থানা পুলিশের একটি দল ৩ জুলাই রাতে সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সন্ত্রাসী ইসমাইল বিগত চারদলীয় জোট সরকারের সময় সাকা চৌধুরীর ছত্রছায়ায় থেকে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, খুন, ধর্ষণসহ নানা অপরাধে লিপ্ত ছিল। এমনকি অস্ত্র পাচার কাজেও জড়িত ছিল সে। ২০০৪ সালের জুলাইতে ক্ষেত্রবাজারের ব্যবসায়ী বাচামিয়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি সে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এ ছাড়া সরফভাটা নেছার উল্লাহ শাহের মাজার দখল ও চাঁদাবাজির মামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ৩ জুলাই রাত ১১টায় তার সরফভাটা ক্ষেত্রবাজার এলাকায় অবস্থান করার খবর পেয়ে থানার উপপরিদর্শক ফজলুর রহমান একদল পুলিশ নিয়ে তাকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ইসমাইল সরফভাটা ইউনিয়নের আবুল হাশেম সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ, অপহরণ ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে। ৪ জুলাই তাকে চট্টগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।