রাঙ্গুনিয়ার হাটবাজারে কাঁঠালের ম-ম গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় উর্যাপাদিত কাঁঠাল ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে কিনে নিয়ে এসব কাঁঠাল সরবরাহ করছেন। এ মাসের শুরু থেকে ব্যবসায়ীরা কাঁঠাল কিনতে হাটবাজারগুলোতে ভিড় করছেন। ব্যবসায়ীরা জানান, রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়ি এলাকায় প্রচুর কাঁঠাল হয়। এ ছাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা বাগানেও এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। যা এখন পাকতে শুরু করেছে। পাকা কাঁঠাল বিক্রির জন্য মালিকেরা উপজেলার বিভিন্ন হাটবাজারে নিয়ে আসছেন। এ ছাড়া পথের ধারে, নদীর ঘাটে, বাস স্টেশনে যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে কাঁঠাল বিক্রি করছেন মালিকেরা। এলাকাবাসী জানায়, উপজেলা সদর রোয়াজার হাট, ইছাখালি বাজার, দোভাষি বাজার, গোচরা বাজার, শান্তির হাট, মোগলের হাট, ধামাইর হাট, রানীর হাট ও রাজার হাটসহ সব হাটবাজারে এখন পাকা কাঁঠালের ম-ম গন্ধ। ১৩ মে শুক্রবার সকালে রোয়াজার হাট ঘুরে দেখা যায়, বাগানমালিকেরা বিক্রির জন্য শত শত কাঁঠাল নিয়ে এসেছেন। ক্রেতাদেরও ভিড়। তাঁরা এসেছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, যশোর ও বরিশালের মতো জেলা শহর থেকে। কুমিল্লা জেলা শহরের ব্যবসায়ী সোলেমান আলী এ সময় বলেন, চট্টগ্রামের মধ্যে রাঙ্গুনিয়ায় উর্যাপাদিত কাঁঠাল যেমন বড়, তেমনি সুস্বাদু। এখানকার বাগানমালিকেরা ব্যবসায়ীদের সঙ্গে খুবই সদ্ভাব বজায় রাখেন। তাই এ এলাকার কাঁঠাল কিনতে দেশের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন পাইকারি ব্যবসায়ীরা।চট্টগ্রাম শহরের খাতুনগঞ্জের ব্যবসায়ী শেখ নেয়ামত উল্লাহ বলেন, রাঙ্গুনিয়া থেকে শাকসবজি ও ফলমূল কিনে নিয়ে দেশের বিভিন্ন জেলা শহরে বিক্রি করি। ১০ বছর ধরে করছি এ ব্যবসা। দেশের বিভিন্ন জেলা শহরের ৭০ জনেরও বেশি ব্যবসায়ী এ ব্যবসায় জড়িত। তবে ব্যবসায়ীরা এখন সবজির চেয়ে কাঁঠাল কেনার দিকে ঝুঁকে পড়েছেন। কারণ সারা দেশে কাঁঠালের চাহিদা রয়েছে। মধ্যপ্রাচ্যেও কাঁঠাল রপ্তানি হচ্ছে। ঢাকা শ্যামবাজারের ব্যবসায়ী আতিকুল ইসলাম জানান, রাঙ্গুনিয়ার হাটবাজারগুলোতে আকারভেদে ৩০ থেকে ২০০ টাকা বা তারও বেশি দামে প্রতিটি কাঁঠাল বিক্রি হচ্ছে। প্রতিদিন তিনি সাত-আট লাখ টাকার প্রায় ১০-১২ হাজার কাঁঠাল কিনে ট্রাক বোঝাই করে নিয়ে যান। রোয়াজার হাটের ইজারাদার মাহবুব জানান, শুক্র ও সোমবার রোয়াজার হাটে কাঁঠালের বাজার বসে। সকাল সাতটা থেকে বাগানমালিকেরা সড়ক ও নদীপথে কাঁঠাল নিয়ে রোয়াজার হাটে আসেন। প্রতি হাটে ৩০-৩৫ লাখ টাকার কাঁঠাল বিক্রি হয় বলে জানান তিনি। ইছাখালি বাজারের ইজারাদার আইয়ুব জানান, সপ্তাহের শনি ও বুধবার ইছাখালি বাজার, শনি ও মঙ্গলবার রানীর হাট, রোববার ও বৃহস্পতিবার পোমরা শান্তির হাট, রোববার ও বুধবার রাজার হাট, প্রতিদিন চন্দ্রঘোনা দোভাষি বাজার, ধামাইর হাট, মোগলের হাট ও ক্ষেত্রবাজারে কাঁঠালের বাজার বসে। এসব বাজার থেকে সপ্তাহে ১ কোটি টাকার বেশি কাঁঠাল বিক্রি হয়। কোদালা ইউনিয়নের জঙ্গল কোদালা গ্রামের কাঁঠালবিক্রেতা শাহ আলম জানান, রাঙ্গুনিয়ার হাটবাজারগুলোতে যেসব ব্যবসায়ী কাঁঠাল কেনেন তাঁদের বেশির ভাগ চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের জেলা শহর থেকে আসেন। ফলে ক্রেতা বেশি হওয়ায় কাঁঠাল বিক্রি করতে কষ্ট হয় না। হাটে আনলেই কাঁঠাল বিক্রি হয়ে যায়। জাকিরাবাদ পৌর এলাকার কাঁঠালবিক্রেতা ফরিদুল আলম জানান, তাঁর আট একর পাহাড়ি ভূমিতে ৩৮০টি কাঁঠালগাছ রয়েছে। যেখান থেকে প্রতিদিন ৩০০-৩৫০টি কাঁঠাল বিক্রি করা হয়। চলতি মে মাসের শুরু থেকে ৬ মে পর্যন্ত দুই হাজার ১০০ কাঁঠাল বিক্রি করে তিনি এক লাখ ১৬ হাজার টাকা আয় করেছেন বলে জানান।রাঙ্গুনিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন বলেন, পাহাড় থেকে সমতল রাঙ্গুনিয়ার সর্বত্র কাঁঠালগাছ দেখা যায়। প্রতিটি গাছে এখন বড় বড় কাঁঠাল ঝুলছে। এপ্রিল মাসের মাঝামাঝি থেকে কাঁঠাল পাকতে শুরু করেছে। বাগানমালিকেরা পাকা কাঁঠাল হাটবাজারে বিক্রি করতে আনছেন। এ ছাড়া পথের ধারে, নদীর ঘাটে, বাস স্টেশনে—সবখানে কাঁঠাল বেচাকেনা চলছে এখন। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, উঁচু এলাকায় কাঁঠালের ফলন ভালো হয়। চলতি মৌসুমে তেমন বৃষ্টি না হওয়ায় রাঙ্গুনিয়ায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কাঁঠাল থেকে রাঙ্গুনিয়ার মানুষ এবার অর্ধশত কোটি টাকারও বেশি আয় করতে পারে।