রাঙ্গুনিয়া উপজেলার হাটবাজারে মাছের আকাল চলছে। কাপ্তাই হ্রদের আহরিত মাছের বাজারজাত বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। মাছ ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদের আহরিত মাছের ওপর শুল্কহার বাড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীরা রাঙামাটি পার্বত্য জেলার বাইরে মাছ বাজারজাত করছেন না। ফলে রাঙ্গুনিয়া উপজেলার সবকটি হাটবাজারে মাছের অভাব দেখা দেয়। তাঁরা জানান, রাঙ্গুনিয়া উপজেলা সদর রোয়াজার হাট, দোভাষি বাজার, লিচুবাগান, রানীরহাট, ধামাইর হাটসহ ১৭টি হাটবাজারে ক্রেতাদের ৯০ ভাগ মাছের চাহিদা মেটায় কাপ্তাই হ্রদের মাছ। বাকি ১০ ভাগ আসে কর্ণফুলী ও ইছামতী নদীসহ অভ্যন্তরীণ পুকুর থেকে। এ অবস্থায় কাপ্তাই হ্রদের আহরিত মাছ বাজারজাত বন্ধ হয়ে যাওয়ায় রাঙ্গুনিয়া উপজেলার সবকটি হাটবাজারে মাছের সংকট তীব্র হয়ে ওঠে। ক্রেতারা জানান, হাটবাজারগুলোতে কাপ্তাই হ্রদের মাছ আসা বন্ধ হওয়ার পর থেকে দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তরা পর্যন্ত মাছ কেনা বন্ধ করে দিয়েছে। কাপ্তাই মাছ ব্যবসায়ী সমিতির নেতা মহিউদ্দিন বাদল জানান, প্রতি দুই বছর পর পর বিএফডিসি কাপ্তাই হ্রদের আহরিত মাছের শুল্কহার যেভাবে বৃদ্ধি করছে তাতে অচিরেই ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়বেন। এ জন্য শুল্কহার বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটি পার্বত্য জেলার মাছ ব্যবসায়ীরা হ্রদের আহরিত মাছ বাজারজাত বন্ধ করে দিয়েছেন। ফলে রাঙ্গুনিয়াসহ রাঙমাটি পার্বত্য জেলার আশপাশের বাজারে প্রায় দুই সহস্রাধিক মাছ ব্যবসায়ী এখন বেকার সময় কাটাচ্ছেন। এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম জানান, ব্যবসায়ীরা কাপ্তাই হ্রদের আহরিত মাছ পুনরায় বাজারজাত শুরু না করা পর্যন্ত সংকট কাটার সম্ভাবনা নেই।